কিউইরা এবার আত্মবিশ্বাসী

‘বাংলাদেশ’ নামটা শুনলেই এখন আঁতকে ওঠার কথা ব্রেন্ডন ম্যাককালামের। বাংলাদেশে সর্বশেষ দুটি সফরেই যা অভিজ্ঞতা হলো! তার পরও কাল ঢাকায় পা রেখে হাসতে পারলেন নিউজিল্যান্ড অধিনায়ক। দুপুরে সংবাদ সম্মেলনে শোনাতে পারলেন আত্মবিশ্বাসের কথাও। রহস্য কী এই আত্মবিশ্বাসের?
রহস্য আসলে কিছু নেই। গত তিন মাসের পারফরম্যান্সের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে দেশের বিমানে চেপেছিল যে নিউজিল্যান্ড দল, কাল আবার এখানে আসা দলের সঙ্গে সেই দলটির পার্থক্য আকাশ-পাতাল। পার্থক্যটা কিন্তু চেহারায় নয়। বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডের প্রায় সবাই আছেন। তার পরও এই দলটা অন্যরকম। বাংলাদেশে ধবলধোলাই হয়ে যাওয়া দলটিই দেশে ফিরে নাকানি-চুবানি খাইয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে!
সেই টাটকা স্মৃতিই দুঃস্বপ্নের বাংলাদেশে আত্মবিশ্বাসী করছে ম্যাককালামকে, ‘বাংলাদেশে গত দুটো সফরই খুব বাজে কেটেছে। অজুহাত দিচ্ছি না, কিন্তু দুবারই এখানে আসার আগে দেশে ছিল তীব্র শীত। মানিয়ে নিতে খানিকটা সমস্যা হয়েছে। এবার এখানে আসার আগে দেশে দারুণ একটা গ্রীষ্ম কেটেছে আমাদের। দলের সবাই অনেক আত্মবিশ্বাসী। জানি কাজটা অনেক চ্যালেঞ্জিং। যত দ্রুত মানিয়ে নিতে পারব ততই ভালো করব আমরা।’
এই ‘ভালো’ মানে কতটা ভালো, সেই প্রশ্ন হতে পারে। আইসিসি টুর্নামেন্ট মানেই দুটো ব্যাপার একরকম ধরাবাধা নিউজিল্যান্ডের জন্য। বরাবরই টুর্নামেন্টের ‘কালোঘোড়া’ কিউইরা। আর দল যেমনই হোক, বা ফর্ম যেমন থাকুক, কীভাবে যেন ঠিকই কোয়ার্টার বা সেমিফাইনাল পর্যন্ত খেলে ফেলে! তবে ওই পর্যন্তই। ট্রফি ছোঁয়া আর হয়ে ওঠে না। সেই ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ই তাদের একমাত্র বৈশ্বিক শিরোপা। দারুণ এক গ্রীষ্মের পর এবার কী তবে আবার নিউজিল্যান্ডের সময়?
ম্যাককালাম কিন্তু জোর গলায় দাবিটা জানাতে পারলেন না, ‘আমি বলব ২০১৫ বিশ্বকাপ হবে আমাদের সময়। নিজ দেশে পরিচিত কন্ডিশনে খেলব তখন। দেশের বাইরে খেলা অনেক চ্যালেঞ্জিং। ২০১৫ বিশ্বকাপই আমাদের মূল লক্ষ্য। তবে এখানেও চেষ্টার কমতি থাকবে না। শুরুতে মোমেন্টাম পেয়ে গেলে আর একটু ভাগ্যের সহায়তা পেলে কে জানে, জিতেও যেতে পারি!’
নিউজিল্যান্ড দলটা অবশ্য টি-টোয়েন্টির জন্য প্রায় আদর্শ। শুরুতে ঝড় তোলার জন্য আছেন মার্টিন গাপটিল। এরপর ম্যাককালামের সঙ্গে রস টেলরের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান। কোরি অ্যান্ডারসন ও জিমি নিশামের মতো দুজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে যেকোনো দলের কম্বিনেশন দারুণ হয়ে যায় মুহূর্তেই। সঙ্গে আছেন কলিন মানরোও। ফর্ম থাকা মিচেল ম্যাকক্লেনাগানের পেস বোলিংয়ে আছেন সাউদি-মিলসের মতো অভিজ্ঞরা। স্পিনে রান আটকানোর কাজটা ভালোই করতে পারেন নাথান ম্যাককালাম।
দল দারুণ, ফর্ম ভালো। তার পরও সরাসরি ট্রফি জয়ের লক্ষ্যের কথা বলছেন না হয়ত চাপ না নিতেই। মনের কথা মনে রেখেই বুঝি শেষ দিকে শুধু বললেন, ‘লেট ওয়েট অ্যান্ড সি...।’