কিউইরাই স্বপ্ন দেখাল ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ঘটনা ঘটল কাছাকাছি সময়ে। ইডেন পার্কে নিউজিল্যান্ডের রানে চাপা পড়েও যখন একটু মাথা তোলার চেষ্টা করছে ভারত, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির বোর্ড সভায় পাস করিয়ে ফেলল আইসিসিকে বদলে ফেলা যুগান্তকারী প্রস্তাব। শ্রীনিবাসনের ভারত নিরঙ্কুশ বিজয়ী। তবে অকল্যান্ড টেস্টে ভারতের জয় নিয়ে বাজি ধরতে পারেন পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষদের একজনই।
জিততে হলে ৯ উইকেটে ভারতকে এখন করতে হবে ৩২০ রান। মুরালি বিজয়ের উইকেটটি হারিয়ে ৮৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করা গেছে। টেস্টের বাকি অবশ্য দুই দিন, উইকেটে আঁকড়ে থেকে রান তোলার জন্য সময় অফুরন্ত। কিন্তু চার কিউই পেসারের তোপ সামলানোই যে দায়। হ্যাঁ, ভারতই ১৯৭৬ সালে চতুর্থ ইনিংসে চার শর বেশি রান তাড়া করে টেস্ট জয়ের প্রথম ইতিহাস গড়েছে। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ৪১৮ তাড়া করে হারিয়েছে অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়াকেই ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৪১৪ রান চেজ করে। এই তিনটি উদাহরণ ভারতকে ৪০৭ রান তাড়া করে টেস্ট জয়ের স্বপ্ন অবশ্যই দেখায়। কিন্তু অকল্যান্ডের বাউন্সি পিচে সেটা সম্ভব? এই রিপোর্ট পড়ার আগেই তা হয়তো জেনে গেছেন। সূত্র: ক্রিকইনফো, এএফপি।
তবে ভারতকে অসম্ভব এই স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৪ উইকেটে ১৩০ রানে দিন শুরু করে ভারত অলআউট ২০২ রানে। ৭২ রানে পড়ে যায় শেষ ৬ উইকেট। ৩০১ রানে পিছিয়ে ভারত। ধোনির দল যখন ফলোঅনে পড়ে ইনিংস পরাজয়ের ক্ষণ গুনছে, ম্যাককালাম সবাইকে অবাক করে সিদ্ধান্ত নিলেন আবারও ব্যাটিংয়ে নামার। সিদ্ধান্তটা হলো বুমেরাং। ভারতীয় পেসাররা প্রথম ইনিংসের ভুল শুধরে আগুন ঝরালেন বোলিংয়ে। আর তাতে পুড়ে মাত্র ১০৫ রানে শেষ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এতে অবশ্য তাদের ব্যাটসম্যানদের আত্মহননও চোখে পড়েছে। তবে প্রথমত মোহাম্মদ সামি, তারপর জহির খান ও ইশান্ত শর্মার দুর্দান্ত পেস বোলিংয়ের কৃতিত্ব অস্বীকার করা যাবে না। সঙ্গে অসাধারণ ফিল্ডিং। জহির খানের বলে মিড উইকেটে হাওয়ায় ভেসে যেমন একহাতে কেন উইলিয়ামসনের ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা, গালিতে এক হাতে রস টেলরকে তালুবন্দী করেছেন অজিঙ্কা রাহানে। এর মধ্যে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান অসম্ভব একটা সিঙ্গেল নিতে গিয়ে রানআউট। তিন ইনিংস মিলিয়ে ১৭ উইকেট পতনের দিনে কাল ৪ উইকেট ১৫ রান নিয়ে লাঞ্চে যাওয়া নিউজিল্যান্ড অলআউট ১০৫ রানে। শেষ উইকেটে ওয়াগনার-বোল্টের ২৫ রানের জুটি না হলে নিউজিল্যান্ডকে মুখ লুকাতে হতো বড় লজ্জায়। প্রথম ইনিংসে পাঁচ শর বেশি রান করে দ্বিতীয় ইনিংসে কোনো দলই যে এক শর নিচে অলআউট হয়নি!