কিউপিআরের কাছে চেলসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪ ম্যাচে জয়, ১৪ গোল। মনে হয়েছিল রাফা বেনিতেজের কোচিংয়ে দুঃসময়টা পেছনে ফেলে এসেছে চেলসি। কিন্তু পরশু নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ১-০ গোলে হার আবারও সেই দুঃসময়ের আবর্তেই নিয়ে গেছে রোমান আব্রামোভিচের দলকে। ভারপ্রাপ্ত কোচ বেনিতেজ স্বীকারই করে নিলেন, লিগ জয়ের আশা বোধ হয় শেষই হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধান যে ১৪ হয়ে গেল এই পরাজয়ে। লিগের আগের ২০ ম্যাচে মাত্র একটিতে জয়, ১০ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে সবার শেষেই ছিল কিউপিআর। শন রাইট-ফিলিপসের ৭৯ মিনিটের গোলে চেলসিকে হারানোর পরও সেখানেই আছে দলটি। তবে সেটি গোল ব্যবধান, পয়েন্টে ১৯ নম্বরে থাকা রিডিংয়ের সমানই। ৩০ বছর পর চেলসির মাঠে চেলসিকে হারিয়ে তাই অবনমন থেকে বাঁচার আশাও জাগাল হ্যারি রেডন্যাপের দল। এদিকে অ্যানফিল্ডে লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আট নম্বরে উঠে এসেছে লিভারপুল। উরুগুইয়ান স্ট্রাইকার করেছেন ২ গোল। লিভারপুলের প্রথম গোলটাতেও ছিল সুয়ারেজের ছোঁয়া, তাঁর অসাধারণ এক পাস থেকেই ১৯ মিনিটে প্রথম গোলটি করেছেন ১৮ বছরের তরুণ রাহিম স্টার্লিং। পরশুর ২ গোলসহ লিগে সুয়ারেজের গোল এখন ১৫। উচ্ছ্বসিত লিভারপুল কোচ ব্রেন্ডান রজার্স তো সুয়ারেজকে তুলনা করে ফেললেন লিওনেল মেসির সঙ্গেই! মেসির অদম্য মানসিকতার সঙ্গে সুয়ারেজের মিল খুঁজে পাচ্ছেন রজার্স, ‘সে কিছুটা মেসি-ধাঁচের, যখনই আমি তাকে একটু বিশ্রাম দিতে চাই, সে রেগে যায়।’ এএফপি, রয়টার্স।