কিছু করে দেখানোর জেদ থেকে...
শোকের শক্তি? নাকি বুকে বিদ্ধ তিরের জ্বালা? মানজারুল ইসলাম রানার মৃত্যুবার্ষিকীতে তাঁকে জয় উৎসর্গ করার তাড়না ছিল। ছিল মাঠের বাইরের বিতর্কের দাঁতভাঙা জবাব দেওয়ার জেদ। দুইয়ে মিলে যেটা হলো, তার চেয়ে ভালো কিছু আর হয় না। শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিনে ভারতজয়ের গৌরব বাংলাদেশ দলকে শুধু হাসাচ্ছেই না, আনন্দাশ্রুও আনছে চোখে।ম্যাচের পর সংবাদ সম্মেলনও শেষ। ছবি তোলার আবদার নিয়ে কাছে আসা পাকিস্তানি এক সাংবাদিক মুশফিকুর রহিমকে ‘থ্যাঙ্কস এ লট’ বলে ভারত-বধের সাফল্যের অংশ হতে চাইলেন। মুশফিক শুধু হাসেন। হাসতে হাসতেই একটু পর এই প্রতিবেদককে যা বললেন, তাতে বাংলাদেশ দলের অন্দরমহলের একটা বেদনার কথাই বেরিয়ে পড়ল। প্রতিপক্ষ ভারত হলে বাংলাদেশ তেতে ওঠে, টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিনে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেওয়া কিংবা এশিয়া কাপে কখনো ভালো না খেলার সমালোচনার জবাব—এসবের চেয়েও কালকের জয়টা যেন ওই বেদনা ভুলতে পারার উপলক্ষই হয়ে এল বেশি।মুশফিক বলছিলেন, ‘বিশ্বাস করুন, একটা জেদ চেপে গিয়েছিল আমাদের। মাঠের বাইরের ঘটনা নিয়ে এই কদিনে এত বিতর্ক, এত সমালোচনা... আমাদের মনে হচ্ছিল কিছু একটা করে দেখাই। সবাই মিলে ঠিক করেছিলাম বড় কিছু করব। সেটা করতে পারাতেই আজ (গতকাল) বেশি ভালো লাগছে। বেশি আনন্দ লাগছে। দলের সবার জন্যই এ রকম কিছু দরকার ছিল।’ অভিনন্দন মুশফিকদের। এমন গোপন চ্যালেঞ্জ জয়ের দিনে উৎসবটাও নিশ্চয়ই হয়েছে বাঁধনহারা। মুশফিক বলে বোঝাতে পারলেন না সেটা কেমন, ‘না দেখলে বিশ্বাস করবেন না কেমন সেলিব্রেশন হয়েছে। আজ (গতকাল) “আমরা করব জয়” গানটার সময় মাঝখানে কেউ ছিল না। এই ম্যাচ তো সবাই মিলে জিতিয়েছি।’একটু আগের সংবাদ সম্মেলনেও কঠিন জয়ের আনন্দের কথাই বলে গেছেন মুশফিক আর ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। তবে একটা ব্যাপার দুজনই পরিষ্কার করেছেন। দুর্গম যাত্রায় কখনোই হাল ছাড়েনি বাংলাদেশ। ‘সাকিব আউট হওয়ার পর অনেক কঠিন হয়ে যায় ম্যাচটা। তবু বিশ্বাস ছিল, আমি আর নাসির থাকলে কিছু একটা হবে। ওভারে ১০-১২ হলেও পারব’—স্নায়ুক্ষয়ী শেষ মুহূর্তের কথা বলছিলেন বাংলাদেশ অধিনায়ক।টসের সময় ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছিলেন, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেই তাদের সেরা ম্যাচ খেলে ফেলেছে। মুশফিকের জবাব ছিল, যারা এ রকম ভাবে, তারা ভুল ভাবে। তারা যেন আয়নায় একবার নিজেদের দেখে নেয়। বাংলাদেশের জয়ের পর সেই সব সমালোচক সত্যিই আয়না খুঁজেছেন কি না, কে জানে! তবে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জোরালো একটা দাবিই তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। প্রশ্ন ছিল, এই জয়ের পর ভারতে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার দাবিটা জোরালো হলো কি না। মুশফিকের উত্তর, ‘অবশ্যই! ভারতের অবশ্যই আমাদের ডাকা উচিত। এখন না, আমি মনে করি আরও দু-তিন বছর আগেই ডাকা উচিত ছিল।’শচীন টেন্ডুলকার এর আগের সংবাদ সম্মেলনে বলে গিয়েছিলেন, সাকিবই ঘুরিয়ে দিয়ে গেছেন ম্যাচটা। সাকিবকে পাশে বসিয়ে মুশফিকও তাই বললেন। বললেন, সাকিবের মতো অস্ত্র হাতে থাকলে অধিনায়কের সাহস কয়েক গুণ বেড়ে যায়, ‘ওর মতো খেলোয়াড় দলে থাকাটা অসাধারণ। পাঁচ-ছয় বছর ধরেই ও নিজেকে প্রমাণ করছে। যেকোনো অধিনায়কই চাইবে তার মতো অলরাউন্ডার দলে থাকুক।’ শ্রীলঙ্কান থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে কাল সাকিব যেভাবে আউট হলেন, সেটা তাই মানতে পারছেন না মুশফিক, ‘বেনিফিট অব ডাউট সব সময় ব্যাটসম্যানের পক্ষে যায়। আমি নিশ্চিত, সাকিবের জায়গায় অন্য কোনো বড় ক্রিকেটার থাকলে আম্পায়ার আউট দিতেন না।’সাকিব নিজে অবশ্য ওই দুর্ভাগ্যের কথা ভুলেই যেতে চান। এ নিয়ে প্রশ্ন করতেই হাসতে হাসতে বলেছেন, ‘জিতে গেলে সব ঠিক।’ কিন্তু কখন মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিতবে? নিজে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ তো অবশ্যই, ‘মনে হচ্ছিল, বিপিএলে ঢাকার বিপক্ষে যেভাবে খেলেছিলাম, সেভাবে খেললেই জিতে যাব।’ আশা ছাড়েননি ড্রেসিংরুমে ফিরেও, ‘দলের সবাই আত্মবিশ্বাসী ছিল। জেতা সম্ভব—এই বিশ্বাসটা সব সময়ই ছিল সবার মধ্যে।’এমন দিনে শততম সেঞ্চুরির জন্য বাংলাদেশ দলের সান্ত্বনা ও অভিনন্দন দুটোই পেতে পারেন টেন্ডুলকার। মুশফিক জানালেন অভিনন্দন। তবে এমন না যে জয়টা টেন্ডুলকারের সেঞ্চুরির দিনে এসেছে বলেই বেশি খুশি বাংলাদেশ। সংবাদ সম্মেলনের শুরুতেই সেটা পরিষ্কার করেছেন অধিনায়ক, ‘আজ (গতকাল) রানা ভাইয়ের (মানজারুল ইসলাম) মৃত্যুবার্ষিকী ছিল। তাঁর জন্যই বড় কিছু করার ইচ্ছা ছিল। জয়টা তাঁকে উৎসর্গ করতে চাই।’২০০৭-এর মতো রানার শোক আবারও শক্তি হলো বাংলাদেশ দলের। দূর থেকে রানাও কি হাসছেন? নাকি চোখের কোণে জমা হচ্ছে আনন্দাশ্রু!