কিছু চমক, কিছু প্রশ্ন
৯-০-৪৩-২। ধারণা করা হচ্ছে, মেলবোর্নের গত ওয়ানডের এই বোলিংই শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাইয়ে দিল ব্রেট লিকে। অনেককেই চমকে দিয়ে এই ৩৪ বছর বয়সী সুযোগ পেলেন টানা চতুর্থ বিশ্বকাপ শিরোপার মিশনে নামা অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলে। লির মতো শন টেইটও অনেককেই বিস্ময় উপহার দিয়ে ঠাঁই করে নিয়েছেন ১৫ জনের দলে।ইনজুরির সঙ্গে দুজনেরই দারুণ সখ্য। এই ইতিহাসের কারণে অনেকেই বলছেন, লি-টেইট দুজনকে রেখে একটা ঝুঁকি নিল অস্ট্রেলিয়া। যদিও এই লি-টেইটই গত দুটো বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন। ২০০৩ বিশ্বকাপে ২২ উইকেট নিয়েছিলেন লি (অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ)। ২০০৭ বিশ্বকাপে টেইট নিয়েছিলেন ২৩ উইকেট (টুর্নামেন্টে ও অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ)।বিশ্বকাপে গতি দিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উড়িয়ে দিতে চায় অস্ট্রেলিয়া। এ কারণেই থাকছেন লি-টেইট দুই গতিতারকাই। ২০০৯-এর অক্টোবরের পর এই প্রথম ওয়ানডে দলে সুযোগ পাওয়া লি গত ম্যাচেও যেমন ১৫০ কিলোমিটার গতি তুলেছিলেন। এই দুজনের সঙ্গে স্পেশালিস্ট পেসার হিসেবে থাকছেন জনসন ও বলিঞ্জার। সঙ্গে পেসার-অলরাউন্ডার হিসেবে ওয়াটসন ও জন হেস্টিংস। এই হেস্টিংসই ১৫ জনের দলে সবচেয়ে বড় চমক।গত বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন দলটির সাত খেলোয়াড় আছেন এই দলে। যদিও উপমহাদেশের স্পিনবান্ধব কন্ডিশনেও মাত্র একজন স্পেশালিস্ট স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া। নাথান হরিজ সুযোগ পেলেও বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি শেষ পর্যন্ত ঠাঁই পাননি। অবশ্য স্পিনার-অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্টিভেন স্মিথ ও ডেভিড হাসি। হাসি ভাইদের ছোটজনের বেলাতেও নির্বাচকেরা বিবেচকের পরিচয় দেননি বলে সমালোচনা হচ্ছিল। ২০০৯-এর আগস্টে স্কটল্যান্ড ম্যাচে সেঞ্চুরির পরই বাদ দেওয়া হয় তাঁকে। মাঝখানে ৪৬ ম্যাচ বসে থেকে ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে সুযোগ পান ডেভিড। অস্ট্রেলিয়ার ক্রিকেট-বোদ্ধাদের প্রশ্ন, তাঁকে বিশ্বকাপ পরিকল্পনাতেই যদি রাখা হবে, আরও আগে সুযোগটা দেওয়া হলো না কেন?প্রশ্ন আছে মাইক হাসিকে নিয়েও। দল ঘোষণার কয়েক ঘণ্টা পর হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার হয়েছে তাঁর। বিশ্বকাপ শুরুর আর এক মাস বাকি। এর মধ্যে হাসি সেরে উঠতে পারবেন কি না, এ নিয়ে সন্দিহান দলের ফিজিও অ্যালেক্স কন্টুুরিস। চলতি সিরিজে এরই মধ্যে হাসির বদলে পরের তিন ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন শন মার্শ। শেষ পর্যন্ত বিশ্বকাপে মার্শই যেতে পারেন। যদিও অন্তত নকআউট পর্ব থেকে হাসিকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলশেন ওয়াটসন, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ডেভিড হাসি, ক্যামেরন হোয়াইট, টিম পেইন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, জন হেস্টিংস, মিচেল জনসন, নাথান হরিজ, ব্রেট লি, শন টেইট ও ডগ বলিঞ্জার।