কিছু প্রশ্ন উঠছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটে সব তৎপরতাই এখন বিশ্বকাপকেন্দ্রিক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বিপুল কর্মযজ্ঞ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তো নিরাপত্তা তল্লাশি আর টিকিট চেকিংয়ের মতো কিছু ব্যাপারে বিশ্বকাপের পোশাকি মহড়া করারও চিন্তাভাবনা আছে। এ অবস্থায় বাংলাদেশ দলটাও হওয়া উচিত বিশ্বকাপের ছায়া দল। সেই ছায়া কি দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের দলে?গত দুই বছরে ঘুরেফিরে যাঁরা বাংলাদেশ দলে খেলেছেন, তাঁদের মধ্য থেকেই ২৬ জনের প্রাথমিক দল করা হয়েছিল এই সিরিজের জন্য। বিশ্বকাপের দল নির্বাচনেও এই ক্রিকেটারদের নামই আগে আসার কথা। প্রধান নির্বাচক রফিকুল আলম তো এমনও বললেন, ‘বাইরে থেকে কাউকে আসতে হলে তাকে অনেক অনেক ভালো খেলে আসতে হবে।’ প্রধান নির্বাচকের কথা মানলে নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপ বিবেচনায় ভালোভাবেই আছেন। কিন্তু বিশ্বকাপের জন্য বিবেচনায় থাকলে নিউজিল্যান্ড সিরিজের দলেও কি থাকা উচিত ছিল না তাঁর? গত পরশু নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দল নিয়ে এ রকম খটকা আরও আছে।প্রধান নির্বাচক বলেছেন, ‘এটাই এই মুহূর্তের সেরা দল। তামিম ইকবালকে আমরা ইনজুরির জন্য পাচ্ছি না। আর আশরাফুল বাজে ফর্মের কারণে দলে নেই।’ আশরাফুলের বাদ পড়ার কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক বাজে ফর্মের কথা বলা হলেও নাঈম ইসলামের ক্ষেত্রে আবার সেটি বিবেচ্য হয়নি। ২৬ জনের প্রাথমিক দলে না থেকেও শুভাগত হোম চৌধুরীর স্ট্যান্ডবাই তালিকায় ঢুকে যাওয়াটাও কৌতূহল জাগানিয়া। বড় রহস্য হয়ে আছে দলে ফয়সাল হোসেনের আসা-যাওয়াও। কেনই বা তিনি ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে ছিলেন, কেন আবার ছুড়ে ফেলা হলো...রহস্যই তো!আশরাফুলের বাদ পড়ার ব্যাপারে প্রধান নির্বাচকের যুক্তি, ‘আশরাফুলের জায়গা নিয়েছে রকিবুল। আট নম্বরে নাঈম কার্যকর ব্যাটসম্যান, আশরাফুলকে তো আমরা আট নম্বরে ব্যাট করাতে পারি না। তা ছাড়া আশরাফুল বেশ কয়েকটা সিরিজ থেকেই ফর্মে নেই। নাঈম খারাপ খেলেছে সাম্প্রতিক সময়ে।’ একটি সূত্র অবশ্য অন্য রকম তথ্যই দিয়েছে। নির্বাচকদের দলে নাকি শুরুর দিকে ছিলেন না নাঈম। মাহমুদউল্লাহ দলে না থাকলেই কেবল নাঈম থাকবেন—এমন একটা চিন্তাই ছিল তাদের। আশরাফুলকে দলের বাইরে রাখতে হবে, বোর্ড থেকে এ রকম একটা ‘পরামর্শ’ও নাকি ছিল নির্বাচকদের জন্য। প্রধান নির্বাচক অবশ্য প্রতিবাদ করলেন, ‘দল নির্বাচনে কারও কোনো হস্তক্ষেপ ছিল না।’তবে সূত্র জানিয়েছে, ‘হস্তক্ষেপে’র একটা চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দল নির্বাচনের ব্যাপারে নির্বাচকেরা তাঁর মতামত চাইলে ‘আশরাফুল থাকলে ভালো হয়’ বলে জানিয়েছিলেন। মাহমুদউল্লাহ আর নাঈমের একসঙ্গে দলে থাকা নিয়েও নাকি তাঁর আপত্তি ছিল। এর পরিবর্তে একজন বাড়তি পেসার নেওয়ার পক্ষে ছিলেন অধিনায়ক। তবে মাশরাফি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং বললেন, ‘সব মিলিয়ে দল খারাপ হয়নি। তামিম না থাকাটা বিগ লস। আশা করব, অন্যরা সর্বোচ্চ পারফর্ম করে সেই ঘাটতি পুষিয়ে দেবে।’এ পর্যন্ত চারটি ওয়ানডে খেলে যাঁর মাত্র ২৯ রান ও ১ উইকেট, সেই সোহ্রাওয়ার্দীকে দলে নেওয়ার ব্যাপারে রফিকুলের ব্যাখ্যা, ‘ভবিষ্যতের জন্য শুভকে (মোহাম্মদ সোহ্রাওয়ার্দী) রাজ্জাকের ব্যাকআপ ভাবা হচ্ছে।’ আর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে দলে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান ফয়সালের বাদ পড়ার কারণ, ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে তিনি ভালো করেননি।ইংল্যান্ড সফরে একটা মাত্র ওয়ানডে খেলার সুযোগ পেয়ে ৯ বলে অপরাজিত ৮ রান করেছিলেন ফয়সাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেললেও ব্যাট করারই সুযোগ পাননি। এই দিয়েই যদি একজন ক্রিকেটারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে, তাহলে ছয় বছর পর ফয়সালকে আর জাতীয় দলে ফেরানোরই দরকার ছিল কি? তবে নির্বাচকেরা স্বস্তি পেতে পারেন, আশরাফুলকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তাঁদের সমর্থন দিচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ‘আশরাফুলের একটা ব্রেক দরকার ছিল। বিশ্বকাপের আগেই যেন সে ফর্মে ফেরে, সেটার জন্য আশরাফুলকে সাহায্য করতে হবে। ওর শুধু এক-দুইটা বড় ইনিংস দরকার।’সেই ইনিংস খেলার জন্য আশরাফুলের সামনে কেবল ঘরোয়া ক্রিকেটই আছে এখন।