কিছু প্রশ্ন থেকে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পর প্রথম ম্যাচ। অনেক আগ্রহ ছিল, কৌতূহল ছিল। ম্যাচ দেখার পর বুঝতে পারছি না পারফরম্যান্সকে ঠিক কীভাবে মূল্যায়ন করব। শুধু বলতে পারি, নিজের মনে কিছু প্রশ্ন থেকে গেল। মূল প্রশ্ন অবশ্যই ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে। আমি জানি না বিশ্বকাপের ৫৮ ও ৭৮ এমন ব্যাটিংয়ের পেছনে একটা বড় কারণ কি না। বাইরে থেকে ব্যাটিং দেখে অন্তত তাই মনে হয়েছে। আর সত্যিই যদি এটা হয়ে থাকে, তাহলে খুব বড় ভুল হবে। কারণ আমরা এমন টিম নই। আমাদের সামর্থ্য এমন নয়।হ্যাঁ, শুরুতে উইকেট পড়ে যাওয়ার একটা ভূমিকা থাকতে পারে। সে সময় সাবধানী ব্যাটিং করাটাও ঠিক আছে। কিন্তু বিপর্যয়টা সামাল দেওয়ার পর, বেশ ভালো একটা জুটি গড়ে ওঠার পর রানের গতিটা আরেকটু বাড়ানো উচিত ছিল। আস্কিং রানরেটটাকে নাগালের বাইরে চলে যেতে দেওয়া উচিত হয়নি। হাতে উইকেট রেখে দিলাম, কিন্তু আরেক দিকে আস্কিং রানরেট বাড়তেই থাকল, তাহলে খুব বেশি লাভ হয় না। উইকেট থাকলেও ওভারপ্রতি আট-নয় করে রান করা খুব কঠিন। তামিম-সাকিব দুজনেরই সামর্থ্য ছিল রানের গতি বাড়ানোর। কিন্তু আমার ধারণা, বিশ্বকাপের ওই তিক্ত অভিজ্ঞতাই ওদের মাথায় বেশি খেলা করছিল।আরেকটা ব্যাপারও আমার মনে হয়েছে। ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে আসলে অনেক দিন ধরেই নানা কথা হচ্ছে, কিন্তু উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যায়নি। পাওয়ার প্লেটাকে আমরা কালকেই সবচেয়ে ভালো কাজে লাগাতে পারতাম। তামিম-সাকিবের জুটির যখন ফিফটি হয়ে গেল, তামিমের ফিফটিও হলো, একটু পর ব্রেট লির দ্বিতীয় স্পেল শেষ হলো, তখনই ছিল পাওয়ার প্লে নেওয়ার উপযুক্ত সময়। এতে ওদের চমকে দেওয়াও হতো, ওদের পরিকল্পনা একটু গোলমেলেও হয়ে যেত। সবচেয়ে বড় কথা রানরেটের সঙ্গে পাল্লা দিতে ওই সময় পাওয়ার প্লে নেওয়ার বিকল্প ছিল না। কিন্তু আমরা মনে হয়, শেষের দিকে পাওয়ার প্লে নেওয়ার পুরোনো ধারণাটাই আঁকড়ে আছি।মাশরাফির পারফরম্যান্সে অবশ্য আমি মোটামুটি সন্তুষ্ট। অনেক দিন পর ফিরেছে, শুরুতে গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু দিয়েছে। হয়তো ওর সেরা রূপটা দেখা যায়নি, তবে এত দিন পর ফিরে যা করেছে সেটা খারাপ নয় মোটেও।দলের পারফরম্যান্স নিয়ে আবারও বলতে হয়, আমরা আসলে এখন আর সম্মানজনক হার নিয়ে সন্তুষ্ট থাকার পর্যায়ে নেই। এই উইকেটে ২৭০ রান তাড়া করা অবশ্যই খুব কঠিন ছিল, কিন্তু চেষ্টা তো করতে হবে! সেই তাড়নাটাই তো দেখা গেল না। আবারও বিশ্বকাপের ওই দুই ম্যাচের প্রসঙ্গ চলে আসছে। হয়তো ওই কারণেই বাড়তি সাবধানতা ছিল। এমনও হতে পারে, ভাবনা ছিল প্রথম ম্যাচটা নিরাপদে পার করি, পরের ম্যাচগুলোয় দেখা যাবে। এটাই যদি হয়, তাহলে পরের ম্যাচ দুটোয় লড়াকু বাংলাদেশকে দেখার প্রত্যাশায় থাকলাম।