কিছু স্মৃতি, কিছু ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গআন্দ্রেস ইনিয়েস্তার দিকে হাত বাড়িয়ে বললাম, ‘অভিনন্দন!’ সহাস্যেই করমর্দন করলেন স্পেনের মাঝমাঠের শিল্পী। হাতটা কী নরম আর তুলতুলে! হস্তরেখাবিদ প্রথমেই এই হাত দেখে বলবেন শিল্পীর হাত। এই শিল্পী রংতুলি হাতে ক্যানভাস সামনে নিয়ে বসেন না। তাঁর ক্যানভাস হলো সবুজ মাঠ, সেখানে হাত নয়, শিল্পিত পায়ে ছবি আঁকেন। একটু আগেই চিলির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে জিতিয়ে এনেছেন দলকে, বিশ্বকাপে জীবনরেখা পেয়েছে স্পেন। ম্যান অব দ্য ম্যাচ ইনিয়েস্তা যেন আনন্দভুবনের বাসিন্দা। শুধু ফার্নান্দো তোরেসের আঁধার ঘনানো মুখটা ছাড়া স্পেনের সবার মুখেই সেদিন ছিল উজ্জ্বল হাসি। ‘দয়া করে একটু ইংরেজিতে বলেন’—‘নো ইংলিশ, নো ইংলিশ’ বলে চলে গেলেন ইনিয়েস্তা।বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ের অনেক নিচে তার অবস্থান। তাই কোনোক্রমে ম্যাচ টিকিট সংগ্রহ করা গেলেও মিক্সড জোন বা ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের টিকিট মিলত না। ওতে অধিকার কেবল অংশগ্রহণকারী আর বড় বড় ফুটবল দেশের সাংবাদিকদের। তবু এদিক-সেদিক করে দু-একটি ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু সমস্যা ওই একটাই, ইংরেজি জানলেও কোনো দেশের খেলোয়াড়ই ইংরেজিতে কথা বলেন না। বলেন তাঁদের মাতৃভাষায়। এসব কাহিনি আগে থেকেই আপনাদের জানা। তবে মিক্সড জোনে গেলে খেলোয়াড়দের শরীরী ভাষাটা বোঝা যায়, তাঁদের আনন্দ-বেদনার হদিস পাওয়া যায়। পোর্ট এলিজাবেথে যেমন দেখলাম, ব্রাজিলের কান্নার পাশে হল্যান্ডের আনন্দের বন্যা। কাকা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেন, জিলবার্তো সিলভা চোখের জল সামলাচ্ছেন। আর ওদিকে স্নাইডার-কিউট-রোবেনরা কেবলই হাসছেন। স্নাইডারের সঙ্গেও হাত মেলানোর সুযোগ হয়েছিল সেখানে। কিন্তু এ কী, ইনিয়েস্তার মতো এই ডাচ ফরোয়ার্ডের হাত তো তত নরম নয়! আমরা ফুটবলের নিচু সারির দেশের লোক, ফুটবল-প্রজ্ঞার দিকে যতটা ঝুঁকি, তার চেয়ে বেশি চলি আবেগে ভেসে। স্পেনের ফুটবল কেন রেশমি কোমল, আর হল্যান্ডের ফুটবল কেন একটু রুক্ষ হয়ে উঠল, তা তো এ থেকেই কিছুটা বুঝলাম!বিশ্বকাপের এক মাস দীর্ঘ এই জাদুকরি সময়গুলোয় কত যে এমন টুকরো টুকরো স্মৃতি জমেছে মনের মধ্যে! খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শক—কত চরিত্র। বিশ্বকাপটাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিজের ছায়ায় ঢেকে রেখেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তিনি যেখানেই যান, সাংবাদিকের দঙ্গল ছুটে যায়। ক্যামেরার লেন্স তাঁকে খুঁজে ফেরে। তাঁর সংবাদ সম্মেলন কভার করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। সময়টা কীভাবে কেটে যেত, ঠিকই পাওয়া যেত না। সাংবাদিকদের কখনো ধমক দিচ্ছেন, কখনো হাতজোড় করে কী যেন বলছেন, হাতে আপেল নিয়ে নাচাচ্ছেন। তাতে একটা কামড় বসিয়ে টেবিলে রেখে দিচ্ছেন। মঞ্চে আসার আগে শেষবারের মতো চুরুটে দুই টান দিয়ে তা ফিফা কর্মকর্তার কাছে ফেরত দিচ্ছেন। এই ফুটবল গ্রহে ম্যারাডোনা আসলেই অনন্য। একদিন তো চুরুট ধরিয়েই নেমে গেলেন অনুশীলনে। তাঁর অনুশীলনও ছিল অবারিত আনন্দের উৎস।প্র্যাকটিস কভার করতে কী হুড়োহুড়িই না লাগত সাংবাদিকদের মধ্যে। আর্জেন্টিনার কোনো প্র্যাকটিসেই শ-চারেকের কম সাংবাদিক হতো না। মাঠের বাইরে ম্যারাডোনা, আর মাঠের মধ্যে মেসি কেড়ে নিয়েছিলেন বিশ্বকাপের প্রায় সবটুকু আলো। এই প্রথম মেসি-ম্যাজিক কাছ থেকে দেখা এবং সেটি দেখার পর মনে হয়েছে, মেসি মানুষ নয়। ভিন গ্রহের কোনো প্রাণী। সাপের মতো এঁকেবেঁকে বল নিয়ে ছুটতেন আর্জেন্টাইন জাদুকর। বলের ওপর এমন নিয়ন্ত্রণ মানুষের হয় কী করে? শেষ আটে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দিয়েছে জার্মানি। মেসি-ম্যাজিক শেষ হয়ে গেল। কিন্তু মেসি কি আসলে হেরেছেন? উত্তরটা সম্ভবত ‘না’, আর্জেন্টিনা হেরেছে জার্মানির কৌশলের কাছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া একটি দলের কেউ গোল্ডেন বল পাবেন, এ আশা বাড়াবাড়ি। তবে পরশু মিডিয়া সেন্টারে দেখা গেল, অনেক সাংবাদিকই প্রথম ভোটটা মেসিকে দিয়েছেন। নৈপুণ্য বিচারে মেসির কাছাকাছি মানের খেলোয়াড় আসলেই এই বিশ্বে কেউ নেই। একটাও গোল পাননি, তবে দলের ৮০ শতাংশ গোলেই ছিল তাঁর অবদান। গোলে শট করেছেন গোটা তিরিশেক, অদ্ভুতভাবে তার কোনো কোনোটি গোলে অনূদিত হয়নি। বিশ্বকাপে জিততে হলে ভাগ্যও লাগে এবং সেটি কোনো কোনো ক্ষেত্রে বেশি পরিমাণে। বল নিয়ন্ত্রণে মেসির কাছাকাছি রাখা যায় হল্যান্ডের আরিয়েন রোবেনকে। গুটি গুটি পায়ে ইনসাইড-আউটসাইড করে অবিশ্বাস্যভাবে গোলের সামনে বল নিয়ে যেতে পারেন এই ডাচ ফরোয়ার্ড।স্ট্রাইকার হিসেবে ডেভিড ভিয়া ও ডিয়েগো ফোরলানকেই মনে হয়েছে পরিপূর্ণ। ফোরলানের প্রতিটি গোলই ধ্রুপদি। তবে গোলক্ষুধা কাকে বলে, সেটি দেখা গেছে ভিয়ার মধ্যে। স্নাইডার হলেন গোলের মুহূর্ত ডেকে আনা অলৌকিক কোনো ব্যাপার। গোলের ঠিক মুহূর্তটিতেই আপনি দেখবেন এই ডাচ স্ট্রাইকারকে।বিশ্বকাপের সবচেয়ে আনন্দের মুহূর্তটি বোধ হয় স্পেন আর হল্যান্ডেরই সম্পদ। কার্লোস পুয়োলের ওই হেডের পরের দৃশ্যটি তো এখন ফ্রেমবন্দী স্মৃতিতে। উরুগুয়েকে হারানোর পর দলের আর সবার মাথার ওপর দিয়ে ডির্ক কিউটের ছবিটিও ডাচ দলের কাছে সারা জীবনের সঙ্গী। কিন্তু বিষাদের ছবিগুলোও কম উথালপাথাল করা নয়। কেপটাউনে জার্মানির কাছে আর্জেন্টিনার বিদায়ের পর আকাশি-সাদা জার্সি পরা এক তরুণীর চোখের জলে ভেসে যাওয়ার দৃশ্যটি এখনো চোখে ভাসে। চোখে ভাসে পোর্ট এলিজাবেথে ব্রাজিলের হলুদ জার্সিগুলোর কান্না। ব্রাজিল দল বিদায় নিচ্ছে বাসে উঠে, রিও ডি জেনিরো থেকে আসা একদল তরুণ-তরুণী তাদের হাত নেড়ে বিদায় জানাচ্ছে, তাদের চোখ বেয়ে পড়ছে জলের ধারা।বিশ্বকাপ তো এমনই। আনন্দ-বেদনার কাব্য।