কিছু হিসাব মেলানোর অপেক্ষায় শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের উত্থান-পতনময় এক মৌসুমের শেষ অঙ্কের পর্দা উঠবে আজ। জানা যাবে এই প্রশ্নগুলোর উত্তর—
 ম্যানচেস্টার সিটি স্নায়ুটা ধরে রাখতে পারবে?
অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারানোর পর ম্যানচেস্টার সিটির আজ মাত্র ১ পয়েন্ট হলেই চলবে। তাহলেই তিন বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতবে সিটি। তারা ড্র করলে লিভারপুলকে নিউক্যাসলের জালে অন্তত ১৩ গোল দিতে হবে, যেটা অসম্ভব। আর সিটি হারলে জয় পেলেই শিরোপা হয়ে যাবে লিভারপুলের।
 সিটি বা লিভারপুল কি গোলের রেকর্ডটা ভাঙতে পারবে?
২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তির চেলসি মৌসুমে ১০৩ গোল করেছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড এই গোলসংখ্যা ভাঙার সুযোগ সিটি, লিভারপুল দুই দলের সামনেই। সে জন্য সিটির দরকার ৪ গোল, লিভারপুলের ৫। সেই সঙ্গে সুযোগ আছে ১৯৬১ সালের পর প্রথম দুটি দলের গোলের সেঞ্চুরি করার।
 লুইস সুয়ারেজের কি আরেকটি মাইলফলক হবে?
আগের ম্যাচেই ৩১ গোল করে সুয়ারেজ ছুঁয়ে ফেলেছেন ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড (যৌথভাবে অ্যালান শিয়ারার ও ক্রিস্টিয়ানো রোনালদোর)। হ্যাটট্রিক করলে শিয়ারার ও অ্যান্ডি কোলের ৪২ ম্যাচের মৌসুমে ৩৪ গোলের রেকর্ডও ছোঁয়ার সুযোগ সুয়ারেজের সামনে।
 টটেনহাম কি ইউনাইটেডকে টপকে ইউরোপা লিগে জায়গা পাবে?
নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করলেই ইউরোপা লিগে যাবে টটেনহাম। তারা যদি হারে আর ইউনাইটেড সাউদাম্পটনের বিপক্ষে জেতে, ইউনাইটেড টপকে যাবে টটেনহামকে।
 রায়ান গিগস কি জয় দিয়ে শেষ করতে পারবেন?
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আজই রায়ান গিগসের শেষ ম্যাচ। ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কি শেষ হবে জয় দিয়ে?
 বিদায়ী ম্যাচ খেলবেন কারা?
ইউনাইটেডের হয়ে নেমানিয়া ভিদিচের আজই শেষ ম্যাচ। একই ক্লাবে শেষ ম্যাচ খেলে ফেলতে পারেন গিগস, প্যাট্রিস এভরা ও রিও ফার্ডিনান্ডও। কার্ডিফের সঙ্গে ম্যাচটি হয়ে যেতে পারে জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও অ্যাশলি কোল—চেলসি ত্রয়ীর ক্লাবের হয়ে বিদায়ী ম্যাচ। এএফপি।