কিছুই করার নেই আইসিসির!
উপলক্ষ নতুন, তবে কথাগুলো পুরোনো। পরশু লাহোরে পিসিবির প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পুরোনো কথাগুলোই নতুন করে শোনালেন ডেভ রিচার্ডসন। পাকিস্তানের জন্য সহানুভূতি ঝরালেন আইসিসির প্রধান নির্বাহী। কিন্তু নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে স্পষ্ট করে দিলেন, পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়াটা পিসিবিকেই চালিয়ে যেতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিচার্ডসন, জাকা আশরাফরা। আলোচনায় এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। পিসিবি প্রধান জানিয়েছেন, তিন দিনের মধ্যে বিসিবি জানাবে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কি না।বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বারবার নাটক, ভারতেরও পাকিস্তানে যেতে রাজি না হওয়া—এই সবকিছুতেই আইসিসির ভূমিকা ছিল নীরব দর্শকের। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই অবস্থান ব্যাখ্যা করলেন রিচার্ডসন, ‘নিরাপত্তার ব্যাপারটি আসলে কেউই হালকাভাবে নেয় না। কোনো দেশ নিরাপদ নাকি নিরাপদ নয়, এটা নির্ধারণ করা খুব ঝুঁকিপূর্ণ। আইসিসি এটা করার মতো অবস্থায় নেই। পরস্পরের সঙ্গে খেলবে কি না, এই সিদ্ধান্ত পুরোপুরিই দুটি সদস্য দেশের। আইসিসির ভূমিকা এখানে খুবই সীমিত। নিজেদের নিরাপত্তা উপদেষ্টার পরামর্শ মেনে সিদ্ধান্ত নিজেদেরই নিজে হবে।’গত এপ্রিলে বাংলাদেশের প্রস্তাবিত পাকিস্তান সফরে আইসিসি ম্যাচ অফিশিয়ালদের পাকিস্তানে পাঠানোর ব্যাপারে আপত্তি করেছিল, এটিকেও উড়িয়ে দিলেন আইসিসির প্রধান নির্বাহী, ‘এটা ভুল ধারণা যে, আইসিসি ম্যাচ অফিশিয়াল নিয়োগ দিতে চায়নি। সত্যটা হলো, যেকোনো সিরিজ নিয়ে দুই বোর্ড পারস্পরিক মতৈক্যে পৌঁছানোর পরই আইসিসি ম্যাচ অফিশিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।’রিচার্ডসন অবশ্য পাকিস্তানের প্রতি যথেষ্টই সহানুভূতিশীল, ‘আইসিসি পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ মনে করে। পিসিবির কোনো দোষ না থাকার পরও পাকিস্তান ক্রিকেট খুব কঠিন সময় পার করছে। আমাদের দায়িত্ব পাকিস্তানে ক্রিকেট ফেরানোর পিসিবির প্রচেষ্টাকে সমর্থন জানানো। সবার চাওয়া অবশ্যই যত দ্রুত সম্ভব পাকিস্তানে ক্রিকেট ফিরুক। কিন্তু এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা কঠিন কখন ফিরবে।’নিজের অভিজ্ঞতা থেকে পাকিস্তানকে সাহসও জুগিয়েছেন তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল এমন একটা দেশ থেকে এসেছি বলে আমি বলতে পারি, এই সময়টায় ঘরোয়া ক্রিকেটে মনযোগ দিলে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও জোর দিলে দারুণ সুফল পাওয়া যাবে। হয়তো দেখা যাবে এই কঠিন সময় পেরিয়ে পাকিস্তান আরও শক্তিশালী হয়ে উঠবে।’ এএফপি, ওয়েবসাইট।