কিছুই করার নেই লঙ্কান বোর্ডের
বিতর্কের শুরুটা হয়েছিল আগেই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘোষণা দিয়েছিলেন চেন্নাইয়ে কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার খেলতে পারবেন না। শ্রীলঙ্কা সরকারের তামিল-নিপীড়নের প্রতিবাদেই এই রাজনৈতিক সিদ্ধান্ত। পরে আইপিএল কর্তৃপক্ষও এটা মেনে নেয়। শ্রীলঙ্কায় ভারতের এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অপমান হিসেবেই। সাঙ্গাকারাদের আইপিএল বর্জন করা উচিত, এমন রবও উঠে গিয়েছিল জোরেশোরেই। দ্বীপ দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও বলেছিলেন, সাঙ্গাকারা-ম্যাথুসদের আইপিএল বর্জন করা উচিত। মোট ১৩ জন লঙ্কান ক্রিকেটারের খেলার কথা ৩ এপ্রিল থেকে শুরু এবারের আইপিএলে। ক্রিকেটাররা অবশ্য কখনোই বর্জনের পক্ষে কোনো কথা বলেননি। হাজার হলেও আইপিএল যে তাঁদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু শ্রীলঙ্কার বোর্ড পড়েছে ত্রিশঙ্কু দশায়। এদিকে ক্রিকেটারদের অনুমতি না দেওয়ার চাপ, আরেক দিকে সেটা করলে ক্রিকেটারদের বিদ্রোহের শঙ্কা—সব মিলিয়ে বেশ ঝামেলাতেই পড়ে এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট)। অবশেষে এসএলসি সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা যা বললেন সেটি ক্রিকেটারদের পক্ষে গেছে, ‘আমরা খেলোয়াড়দের না যাওয়া নিয়ে জবরদস্তি করতে পারি না।’ খোদ সরকারই যেখানে বলেছে, চেন্নাইয়ে না খেলেও আইপিএল খেলতে পারে ক্রিকেটাররা, সেখানে এসএলসির করারও আসলে খুব বেশি কিছু নেই! ওয়েবসাইট। লঙ্কান ক্রিকেটারদের চেন্নাইয়ে ঢুকতে দেওয়া হবে না— জয়ললিতার এই ঘোষণার পর উগ্রপন্থী বৌদ্ধ সংগঠন রাভানা ফোর্স ও ন্যাশনাল ভিক্ষু ফেডারেশন জানিয়েছে ক্রিকেটারদের ভারতে যাওয়া চলবে না।