কিছুই জানতেন না ব্লাটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, এটা এখন আর বুঝতে বাকি নেই কারও। সম্প্রতি সুইজারল্যান্ডে প্রকাশিত এক দলিলে ঘুষ গ্রহণ-সংক্রান্ত দুর্নীতিতে নাম এসেছে ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জের। সেই সঙ্গে নাম এসেছে ফিফার একসময়ের দাপুটে কর্তা ও হ্যাভালাঞ্জের জামাতা রিকার্ডো টিসেইরার। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে ফিফার বর্তমান শীর্ষস্থানীয় কর্তাদের বিরুদ্ধেই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ফিফায় সংঘটিত অনৈতিক ব্যাপারগুলো সম্পর্কে জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার।ফিফার সভাপতি সেপ ব্লাটার অবশ্য এই অভিযোগ আমলে নিতে চান না। তিনি পুরো ব্যাপারটিকে তাঁর বিরুদ্ধে নতুন ধরনের এক ষড়যন্ত্র হিসেবেই দেখতে চান তিনি। বলেছেন, ‘সারা জীবন আমি ঘুষ-দুর্নীতিকে ঘৃণা করে এসেছি অথচ একটি মহল আমার বিরুদ্ধেই এই অভিযোগ তুলছে।’ব্লাটার বলেন, ‘আমি জানতাম না যে আইএসএল জোয়াও হ্যাভালাঞ্জ ও টিসেরাকে ঘুষ দিয়েছে। এটা আমি জানতে পারি, ২০০১ সালে যখন দেনার দায়ে আইএসএল বন্ধ হয়ে যায়, তখন। আইসিএলের বিপক্ষে বেশ কয়েকটি অভিযোগে ফিফাও মামলা করেছিল।’সম্প্রতি সুইস দলিল থেকে জানা গেছে, ১৯৯৭ সালে বিশ্বকাপ ফুটবলের টেলিভিশন স্বত্ব বিক্রির ব্যাপারে আইএসএল ফিফার তত্কালীন সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জ ও তাঁর জামাতা রিকার্ডে টিসেইরাকে কয়েক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ঘুষ হিসেবে দিয়েছিল। টেলিভিশন স্বত্ব বিক্রির ব্যাপারে সে সময় ক্রীড়া বিপণন সংস্থা আইএসএল ফিফার এজেন্ট হিসেবে কাজ করত।সুইজারল্যান্ডের একটি পত্রিকায় গতকাল শনিবার প্রকাশিত এক সাক্ষাত্কারে সেপ ব্লাটার দাবি করেন, ২০০১ সালে আইএসএলের বিপক্ষে ফিফাই প্রতারণার মামলা দায়ের করে পুরো বিষয়টি সামনে নিয়ে এসেছে। এর আগে অবশ্য আইএসএল দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়।তিনি বলেন, ‘সারা জীবন আমি ঘুষকে ঘৃণা করেছি। কখনোই ব্যাপারটিকে প্রশ্রয় দিইনি। অথচ এই মুহূর্তে আমি এই অভিযোগে অভিযুক্ত।’ব্লাটার জোর গলায় বলেন, ‘আমি কখনোই নিজে ঘুষ নিইনি, অন্যকে ঘুষ দিইনি।’ তিনি বলেন, ‘সুইস ফেডারেল আদালতে কিছুদিন আগেই প্রমাণিত হয়ে গেছে যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমি কখনোই জড়িত ছিলাম না।’তিনি বলেন, ‘সুইস ফেডারেল আদালতে যখন প্রমাণ হয়ে গেছে যে আমি দুর্নীতি করিনি, তখন এই মুহূর্তে আমার বিপক্ষে অন্য ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগটা হলো, আমি ঘুষ না নিলেও নাকি অনৈতিক ব্যাপারগুলো সম্পর্কে জানি।’এদিকে গত বৃহস্পতিবার সেপ ব্লাটার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রশ্নোত্তর পর্বে হ্যাভালাঞ্জ ও টিসেইরার গ্রহণ করা ঘুষের ব্যাপারে অন্য কথা বলেছিলেন। তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি হ্যাভালাঞ্জ ও টিসেইরার নেওয়া অর্থকে ‘কমিশন’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ওই সময়ের প্রেক্ষাপটে কমিশন নেওয়া বৈধ ছিল। কেউ কখনোই অতীতকে বর্তমানের প্রেক্ষাপটে বিচার করতে পারবে না।সেপ ব্লাটার ফিফার সঙ্গে জড়িত আছেন ১৯৭৫ সাল থেকে। ১৯৯৮ সালে জোয়াও হ্যাভালাঞ্জ অবসরে গেলে তিনি ফিফার সভাপতি নির্বাচিত হন। জোয়াও হ্যাভালাঞ্জের বয়স বর্তমানে ৯৬। তিনি এই মুহূর্তে অবসর জীবন-যাপন করছেন। হ্যাভালাঞ্জ বর্তমানে ফিফার ‘সম্মানসূচক সভাপতি’ পদেও অধিষ্ঠিত আছেন। দুর্নীতির অভিযোগে ফিফা থেকে সরে গেছেন একদা ব্রাজিল ফুটবলের ক্ষমতাবান ব্যক্তি রিকার্ডো টিসেইরা। রয়টার্স।