কিছুই জানে না পিসিবি
মোহাম্মদ আমিরের স্বীকারোক্তি নিয়ে পুরোপুরি অন্ধকারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পত্রিকায় প্রকাশিত খবরটি সত্য কি না, এখনো নিশ্চিত হতে পারছে না পিসিবি। তবে সিওও সুবহান আহমেদ জানিয়েছেন, খবরটা সত্যি হলে আমিরের লিখিত স্বীকারোক্তির কপি সংগ্রহের চেষ্টা করবে পিসিবি। সে ক্ষেত্রে নতুন ঝামেলায় জড়াতে পারেন আমির। তাঁর পেছনে আইনি প্রক্রিয়ায় যত খরচ হয়েছে, সেটার ক্ষতিপূরণ দাবি করতে পারে পিসিবি।পাকিস্তানের একটি পত্রিকা দুই দিন আগে জানিয়েছে, পাঁচ বছরের নিষেধাজ্ঞায় থাকা আমির লন্ডনের একটি আদালতে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাজিকর মাজহার মজিদও লিখিত স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায় পত্রিকাটি। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে আমিরদের শুনানি চলছে লন্ডন পুলিশের করা প্রতারণার মামলার। দুবাইয়ে আইসিসির শুনানিতে পরিদর্শক হিসেবে আইনি উপদেষ্টা তাফাজ্জুল রিজভিকে পাঠিয়েছিল পিসিবি। কিন্তু লন্ডনে কাউকে পাঠায়নি বলে স্বীকারোক্তির ব্যাপারটা নিশ্চিত হতে পারছে না। আমিরের ছোট ভাই মোহাম্মদ ইজাজ আমিরের স্বীকারোক্তির সত্যতা স্বীকার বা নাকচ কোনোটাই করেননি। তবে দাবি করেছেন, অক্টোবরের মধ্যে স্পট ফিক্সিং ঘটনার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ওয়েবসাইট।