কিছুই জানে না ফেডারেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ পুরুষ দল সর্বশেষ খেলেছে তিন বছর আগে, গুয়াংজু এশিয়াডে। আর মহিলা কাবাডি দল গত বছর চীনের হাইয়ানে অংশ নেয় এশিয়ান বিচ গেমসে। এরপর কলকাতায় একটি প্রাদেশিক টুর্নামেন্টে এবং ঢাকায় নেপাল ও ভারতের কয়েকটি প্রাদেশিক দলের অংশগ্রহণে ছোট মাপের প্রতিযোগিতায়।
এরপর আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি বাংলাদেশ। শুধু তা-ই নয়, অংশ নেওয়ার আগ্রহই যেন নেই ফেডারেশনের। ভারতের পাঞ্জাবে ৩০ নভেম্বর শুরু হয়েছে মহিলা বিশ্বকাপ কাবাডি। অংশ নিচ্ছে ইংল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কেনিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারত। অথচ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা কিছুই জানেন না। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গত ২ নভেম্বর গেছেন অস্ট্রেলিয়ায়। প্রবাসী ছেলের কাছে যাওয়ার আগে নিয়মবহির্ভূতভাবে শুধু একটি চিঠি দিয়ে গঠন করে দিয়ে গেছেন ১০ সদস্যের এক কমিটি। দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এই কমিটির। কিন্তু গঠনতন্ত্র উপেক্ষা করে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরীকে। অথচ গঠনতন্ত্রের ১৬ (৪) ধারায় আছে, সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক। আমজাদ হোসেন মজনু এই পদে থাকলেও কার্যত তিনি নিষ্ক্রিয়। কেউ তাঁর কোনো কথা শোনেন না। অর্থসংক্রান্ত ব্যাপারে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে কোষাধ্যক্ষ এস এম মান্নান ও সদস্য মনির হোসেনকে। সব মিলিয়ে একটা লেজেগোবরে অবস্থা ফেডারেশনে!
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হতাশ, কাল বলছিলেন, ‘বিশ্বকাপের কথা সাধারণ সম্পাদক জানলেও আমাদের বলেননি। বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি জনার্দন সিং গেহলটের সঙ্গে ওনারই কথা হয়। বাংলাদেশ কেন খেলতে পারছে না একমাত্র উনিই বলতে পারবেন।’
কোনো কার্যনির্বাহী সভা না ডেকেই নজরুল ইসলাম অস্ট্রেলিয়া যাওয়ার আগে এই কমিটি করে দিয়েছেন। এটা অনেকে মানতে পারছেন না। ফেডারেশনের সভা হয় অনিয়মিত। সর্বশেষ সভা হয়েছিল গত ১৮ আগস্ট।
কর্মকর্তাদের মতো খেলোয়াড়েরাও বিশ্বকাপ নিয়ে কিছু জানেন না। অধিনায়ক শাহনাজ পারভিন মালেকার আক্ষেপ, ‘আমরা এসবের কিছুই জানি না। আমাদের কেউ বলেওনি। বিশ্বকাপের মতো বড় আসরে আমরা খেলতে পারছি না বলে খুবই খারাপ লাগছে।’
প্রসঙ্গত পুরুষ দল ২০০৪ ও ২০০৭ সালে বিশ্বকাপে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছিল। মহিলা দল গত বছর বিশ্বকাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলেও কোয়ার্টার ফাইনালে হেরে যায় জাপানের কাছে।