কিছুই জানেন না মরিনহো
২০০৯ সালে এসি মিলান ছেড়ে রিয়ালে আসা কাকা আর সেই কাকা নেই। ইনজুরির সমস্যায় মাঠে অনিয়মিত হয়ে নিজের চিরায়ত ফর্ম হারিয়েছেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত ফর্মে থাকা তারকাদের ভিড়ে একপ্রকার বিস্মৃতই এই ব্রাজিলীয় তারকা। এ অবস্থায় মাদ্রিদে থেকে নিজের ফুটবল ক্যারিয়ারকে আর অনিশ্চয়তায় ফেলতে চান না তিনি। খবরে প্রকাশ, পুরোনো ক্লাব এসি মিলানে ফিরে যাওয়ার সব আনুষ্ঠানিকতাই সম্পন্ন করেছেন তিনি। কিন্তু রিয়াল কোচ হোসে মরিনহো নাকি কাকার মাদ্রিদ ছাড়ার ব্যাপারটি জানেনই না!লন্ডনে কিছুটা কৌতুক-ছলে সাংবাদিকদের মরিনহো বলেছেন, ‘আমি বুঝতে পারছি, কাকা রিয়ালে থাকবে কি না, এ সম্পর্কে আপনারা জানতে চান। কিন্তু সত্যি বলছি, এ ব্যাপারে কিছুই জানি না আমি। এর পরই রহস্য করে তিনি বলেন, কোনো সন্দেহ নেই, আমি যা চাই, কাকা তা জানে, একইভাবে কাকা কী চায়, আমি খুব ভালো করেই জানি।’মরিনহো বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দলবদলের বাজার খোলা আছে। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। এখনো পর্যন্ত কাকা রিয়ালের খেলোয়াড়। সে দলের সঙ্গে থাকবে এবং অনুশীলন করবে। তিনি আরও বলেন, ‘কাকা যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমি খুশিই হব। কারণ, একসঙ্গে অনেক কিছুই করা বাকি আছে আমাদের।’তিন বছর আগে ৭০ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। দুই বছর আগে মেসুত ওজিল রিয়ালে আসার পর থেকে মূলত মাঠের বাইরেই ঠাঁই নিয়েছেন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে মাঝেমধ্যে মাঠে নামলেও নিজের নামের প্রতি কখনোই সুবিচার করতে পারেননি তিনি। গত পরশু কাকার এজেন্ট আদ্রিয়ানো গালিয়ানি জানান, কাকাকে আবারও চুক্তিবদ্ধ করতে আগ্রহী মিলান। স্কাই স্পোর্ট ইটালিয়াকে গালিয়ানি বলেছিলেন, ‘হ্যাঁ, এ নিয়ে আলোচনা করছি আমরা। কিন্তু এই মুহূর্তে এর বেশি মন্তব্য করতে চাই না।’ ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ছয় বছরে মিলানের হয়ে ১৯৩টি ম্যাচে অংশ নেন কাকা। গোল করেন ৭০টি। অন্যদিকে রিয়ালে ৬৫ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন তিনি।