কিছুই বুঝতে পারছেন না ক্যাপেলো !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটি একদমই বুঝতে পারছেন না ক্যাপেলো। এত ভালো দল, সুন্দর প্রস্তুতির পরও কেন বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারছে না ইংল্যান্ড দল। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম দুটি ম্যাচের পর কোচ ফ্যাবিও ক্যাপেলোর মনে অনেক প্রশ্নের অবতারণা হয়েছে—বিশ্বকাপ জেতার মতো দল নিয়ে কেন ইংল্যান্ড নিজেদের প্রথম দুটি ম্যাচে ড্র করে এখন খাদের কিনারে?যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলরক্ষক রবার্ট গ্রিনের ভুলে গোল খেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ার ব্যাপারটি তাও মেনে নেওয়া যায়। মনকে সান্ত্বনা দেওয়া যায় এই বলে যে দুর্ভাগ্যের কারণেই জয়টা করায়ত্ত হয়নি। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে ড্রকে কিছুতেই মেনে নিতে পারছে না কোনো ইংল্যান্ড সমর্থকই। নিজেদের ব্যর্থতার কারণেই শেষ ১৬-তে যাওয়াটা একটু কঠিনই হয়ে গেছে ইংল্যান্ডের জন্য। দ্বিতীয় রাউন্ডে যেতে শেষ ম্যাচে গ্রুপ শীর্ষে অবস্থানকারী স্লোভেনিয়ার সঙ্গে জিততেই হবে রুনি-জেরার্ড-ল্যাম্পার্ডদের।আলজেরিয়ার সঙ্গে ম্যাচের পর কোচ ফ্যাবিও ক্যাপেলো জানিয়েছেন, তিনি মাঠের ইংল্যান্ড দলটিকে চেনেন না। তাঁর জবানিতেই শুনুন ব্যাপারটি, ‘অনুশীলনের সময় আমি যে দলটি দেখেছি, মাঠের দলটি তার চেয়ে একদমই আলাদা।’ তিনি আলজেরিয়া ও ইংল্যান্ডের খেলায় দলের বল-পাসিং একদমই ঠিক ছিল না বলে মন্তব্য করেন।ফ্যাবিও ক্যাপেলো মতে, বিশ্বকাপ মঞ্চের চাপ ইংল্যান্ডের খেলোয়াড়দের সর্বনাশ করেছে। তিনি মনে করেন, ‘প্র্যাকটিস সেশনে এই একই দল অনেক উজ্জীবিত থাকে। কিন্তু মাঠে নেমেই তারা সবকিছু গুলিয়ে ফেলে। বেশির ভাগ খেলোয়াড়ই নিজেদের আসল খেলাটাই খেলতে পারছে না। এর কারণ হতে পারে, খেলোয়াড়েরা বিশ্বকাপে ভালো পারফর্ম করাটাকে চাপ হিসেবে নিয়েছে।’কেপটাউনে গত শুক্রবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের সময় সমর্থকেরা ইংল্যান্ড দলকে ধিক্কার জানিয়েছে। দলের ‘সেরা’ স্ট্রাইকার ওয়েন রুনি ছিলেন নিজের সামর্থ্যেরও অনেক নিচে। ইংল্যান্ডের প্রথম দুটো ম্যাচে জেরার্ড বলুন আর ল্যাম্পার্ড বলুন কিংবা টেরি কেউই নিজেদের সুনাম মতো খেলতে পারেননি। সব মিলিয়ে খুবই দুর্বল অবস্থানে রয়েছে ইংল্যান্ড দল। এমন একটি অবস্থায় ২৩ জুন স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে ক্যাপেলো কেবল একটি কথাই বলেছেন, ‘আমার ছেলেদের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’সমর্থকদের হতাশা সম্পর্কে ক্যাপেলো বলেন, ‘ইংল্যান্ডের সমর্থকেরা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের খেলোয়াড়দের ধিক্কার দিয়েছে, এটা খেলারই অংশ। আমি খেলোয়াড়দের বলেছি, দেখো তোমরা কত ভাগ্যবান, তোমাদের পেছনে রয়েছে একদল সমর্থক, যারা তোমাদের কাছে অনেক ভালো কিছু আশা করে।’