কিছুটা লড়াই অন্তত করল ইংলিশরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শততম টেস্টে ৭২ রানের ইনিংস খেললেন কুক
শততম টেস্টে ৭২ রানের ইনিংস খেললেন কুক

২০১৬তম টেস্ট ম্যাচে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি হয়েছিল! পার্থ টেস্টে একই সঙ্গে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন দুই অধিনায়ক। তবে দ্বিতীয় দিন শেষে ম্যাচের গতিপ্রকৃতি স্পষ্ট না হলেও আপাত ব্যক্তিগত লড়াইয়ে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকই এগিয়ে মাইকেল ক্লার্কের চেয়ে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্লার্কের ক্যাচ নিয়ে তাঁকে ২৪ রানে বিদায় করে দিয়েছিলেন ককুই। সেই কুক পরে ব্যাট হাতে করেছেন ৭২। অবশ্য ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতকটিকে ২৬তম সেঞ্চুরির রূপ দিতে পারলেন না।
ব্যক্তিগত লড়াইয়ে এগিয়ে থাকলেও দলগত লড়াইয়ে এখনো এগিয়ে ক্লার্কই। ইংল্যান্ডের হাতে এখনো ৬ উইকেট আছে বটে, কিন্তু তারা পিছিয়ে আছে ২০৫ রানেও। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে আজ ৩৮৫ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া ১৪৬ রানে তুলে নিয়েছিল ইংল্যান্ডের ৪ উইকেট। বাকি সময়টায় আর কোনো ক্ষতির মুখে না পড়া ইংল্যান্ড দিন শেষ করেছে ১৮০ রান নিয়ে। আর দুটো উইকেট পড়ে গেলেই লেজ বেরিয়ে আসবে ইংলিশদের। তবে এই সফরে এই প্রথম কিছুটা লড়াই অন্তত তারা দেখাতে পারল প্রথম দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণ করার পর।
কাল ৬ উইকেটে ৩২৬ নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ দিনের প্রথম ঘণ্টাতেই অল আউট হয়ে গেছে। টিকতে পেরেছে ১৬ দশমিক ৩ ওভার। আগের দিনে ৩৯ রানে অপরাজিত থাকা জনসন এদিন ব্রডের বলে আউট হন কোন রান যোগ করা ছাড়াই। জনসন দিয়ে পতন শুরু হলে এটি আর ঠেকাতে পারেনি অস্ট্রেলিয়ার টেল-এন্ডাররা। একমাত্র ভরসা ছিল আগের দিনের সেঞ্চুরিয়ান স্মিথ। তিনিও বেশি দূর এগোতে পারেননি। মাত্র ৮ রান যোগ করে অ্যান্ডারসনের শিকার। সব মিলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮৫। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ব্রড, নিয়েছেন ৩ উইকেট। অ্যান্ডারসন ও সোয়ান পেয়েছেন দুটি করে উইকেট।

ইংল্যান্ডের ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। কুক ও কারবেরির উদ্বোধনী জুটি তুলে নিয়েছিল ৮৫ রান। ৪৩ রানের মাথায় কারবারিকে বোল্ড করে প্রথম ধাক্কাটা দেন হ্যারিস। জো রুট থিতু না হতেই ওয়াটসনের শিকার। বিনা উইকেটে ৮৫ থেকে ইংল্যান্ড হুট করে ২ উইকেটে ৯০।

কুকের ব্যাটে বড় ইনিংসের কলি ফুটলেও সেটি আর ফুল হয়ে ফোটেনি! ৭২ রানেই সাজঘরে ফিরেছেন ইংলিশ অধিনায়ক। তবে পিটারসেনের সঙ্গে তাঁর ৪৬ রানের জুটিটা আবার কক্ষপথে ফিরিয়ে এনেছিল দলকে। ১০ রানের ব্যবধানে কুক-পিটারসেন দুজনই সাজঘরে ফিরে এলে ছন্নছাড়াই দেখাচ্ছিল ইংলিশদের। সেখান থেকে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংস মেরামত করছেন বেল আর স্টোকস।

ব্রিসবেন ও অ্যাডিলেডের মতো পার্থেও সবার নজর ছিল জনসনের ওপর। কিন্তু চলতি সিরিজে ১৭ উইকেট নেওয়া জনসনকে উইকেট দেবেন না—এমনই এক ধনুর্ভঙ্গ পণ করেছেন ইংলিশরা। বাকি চার বোলারের প্রত্যেকে একটি করে উইকেট নিলেও দ্বিতীয় দিনে উইকেটশূন্য রয়েছেন জনসন। তৃতীয় দিনে ইংলিশরা এ ‘পণ’ কতটা ধরে রাখতে পারেন, সেটাই দেখার বিষয়।