কিছুটা সময় চান ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মৌসুমের শুরুতেই আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ডাচ স্ট্রাইকার রবিন ভন পার্সি। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে হারিয়ে হয়তো এবার তাদের শুরুটা ভালোভাবে করতে পারেনি গানাররা। প্রথম দুই ম্যাচে স্ট্রোক সিটি ও সান্ডারল্যান্ডের জালে একবারও বল জড়াতে পারেননি আর্সেনালের খেলোয়াড়েরা। তবে আর কদিন পরই আর্সেনাল আবার আগের অবস্থানে ফিরে যাবে বলে আত্মবিশ্বাসী কোচ আর্সেন ওয়েঙ্গার। দুই নতুন স্ট্রাইকার লুকাস পোডলস্কি ও অলিভার গিরাউডকে পুরো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও কিছু সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।তারকা স্ট্রাইকার রবিন ভন পার্সির জায়গা পূরণ করতে এবার জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি ও ফরাসি স্ট্রাইকার অলিভার গিরাউডকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। আর এখন এই দুই স্ট্রাইকারকে নতুন ক্লাবের নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দিতেই হবে বলে মনে করছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমি তাদের ওপর বেশি চাপ দিতে চাই না। আমার মনে পড়ে থিয়েরি অঁরির কথা। সে এখানে আসার পর অনেক দিন মাঠেই নামেনি। রবার্ট পাইরেসও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুদিন সময় নিয়েছিল। কাজেই এখন পোডলস্কি ও গিরাউডকে কিছুটা সময় দিতেই হবে।’প্রথম দুই ম্যাচে কোনো গোল করতে না পারাকে খুব বড় ব্যর্থতা হিসেবে দেখতে রাজি নন ওয়েঙ্গার। আগামী দিনে আরও ভালো পারফরম্যান্স দেখানোর আশা করছেন আর্সেনাল কোচ। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা হয়তো গোল করতে পারিনি। কিন্তু গোল করার মতো সামর্থ্য আমাদের ঠিকই আছে।’ লিভারপুলের বিপক্ষে আগামীকালের ম্যাচেই নিজেদের শক্তিমত্তার যাচাইটা করে নেবেন বলে জানিয়েছেন ওয়েঙ্গার।