কিছুটা সময় পেলেন ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ময়েস
ডেভিড ময়েস

অনিশ্চিতই হয়ে পড়েছিল ডেভিড ময়েসের চাকরিটা। একের পর এক হতাশাজনক ফলাফল কিছুতেই মেনে নিতে পারছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। ময়েসকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়ে প্লেন ভাড়া করে বার্তা পর্যন্ত উড়িয়েছিলেন এক সমর্থক। কিন্তু চলতি সপ্তাহে কিছুটা আশার আলোই যেন দেখতে পেয়েছেন স্কটিশ এই কোচ। অন্ততপক্ষে চাকরি বাঁচানোর জন্য কিছুটা সময় সত্যিই পেয়েছেন ময়েস।

এবারের মৌসুমের শুরু থেকেই টলোমলো অবস্থার মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হতাশাজনক ফলাফল উপহার দিচ্ছিলেন ময়েসের শিষ্যরা। কিন্তু সমর্থকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছিল লিভারপুল আর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের লজ্জাজনক হারের পর। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি পর্যন্ত লিখতে হয়েছিল ময়েসকে। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হলেও হতে পারে।

টানা তিনটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের ক্ষোভ হয়তো কিছুটা হলেও প্রশমিত করতে পেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। গত সপ্তাহে অ্যাস্টন ভিলাকে ম্যানইউ হারিয়েছিল ৪-১ গোলে। এরপর চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছিল ১-১ গোলে। দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্নের বিপক্ষে যে হারতে হয়নি, সেটাই তো অনেক বড় পাওয়া ম্যানচেস্টার 

ইউনাইটেডের জন্য। ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে গতকাল নিউক্যাসেল ইউনাইটেডকেও ৪-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। সত্যিই যেন ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিচ্ছেন ময়েস।

ম্যানইউর সর্বনাশ অবশ্য যা হওয়ার তা আগেই হয়ে গেছে। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর এবারই সবচেয়ে বাজে মৌসুম কাটিয়েছে ইউরোপের অন্যতম সেরা এ ক্লাবটি। শিরোপা জয়ের আশা তো শেষ হয়েই গেছে, শেষ চারের মধ্যে থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের সুযোগও হয়তো পাবে না ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ময়েস এই হতাশা কিছুটা হলেও ঘুচিয়ে দিতে পারবেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নকে হারাতে পারলে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের খেলায় বায়ার্নের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মানিতে গিয়ে বায়ার্নকে হারানোর কাজটা নিশ্চিতভাবেই অনেক কঠিন। কিন্তু এটাই হয়তো পাল্টে দিতে পারে ময়েসের ভবিষ্যত্। এটাই হয়তো হতে পারে তাঁর ঘুরে দাঁড়ানোর সূচনা। সত্যিই পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।