কিছুটা হলেও সেই উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০০তম ম্যাচে জয় উপহার বুফনকেকালই পুত্রসন্তানের বাবা হয়েছেন ওয়ালি ফয়সাল (বাঁয়ে)। আবাহনীর প্রথম গোলের পর গোলদাতা কাস্ত্রো (মাঝে) ও মরিসনের সঙ্গে তাই এমন ‘ছেলে দোলানো’ উদ্যাপন  প্রথম আলো
৫০০তম ম্যাচে জয় উপহার বুফনকেকালই পুত্রসন্তানের বাবা হয়েছেন ওয়ালি ফয়সাল (বাঁয়ে)। আবাহনীর প্রথম গোলের পর গোলদাতা কাস্ত্রো (মাঝে) ও মরিসনের সঙ্গে তাই এমন ‘ছেলে দোলানো’ উদ্যাপন প্রথম আলো

আবাহনী-মোহামেডান ম্যাচ তাহলে একেবারেই রং হারায়নি!
আবাহনী-মোহামেডান ম্যাচের আগুন এখনো আছে!
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই যুদ্ধের দামামা। এ দেশের ফুটবলে একটা মিথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা কিছুটা হলেও কাল ফিরিয়ে আনল সোনালি অতীতের স্মৃতি।
ম্যাচের আগে হয়তো দুই পক্ষে অতীতের মতো কথার চাপানউতোর নেই। ক্লাব চত্বরে সমর্থকেরা জটলা বাঁধায় না। খেলোয়াড়দের তাতানোর ওষুধও কোথায় যেন হারিয়ে গেছে। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছবিটা খানিক ভিন্ন। মাঠের ৯০ মিনিট মেজাজে সেই চিরকালীন দুই শত্রুর উপভোগ্য দ্বৈরথের কথাই মনে করাল।

ফুটবলের এই দর্শক-মহামারির দিনে হাজার দশেক ঠিকই এল। প্রেসবক্সের বাঁ দিকে আবাহনী গ্যালারি ক্ষণে ক্ষণে উত্তাল। গর্জন হয়তো বেশি দূর যায়নি, তবে ‘মৃত’ বঙ্গবন্ধু স্টেডিয়ামকে জাগিয়ে তুলতে এটাও কম নয়!

গতিময় ম্যাচ। খেলোয়াড়দের মধ্যে জানবাজি রেখে খেলার তাড়না। ম্যাচ থেকে চোখ সরানো যায়নি। গোল হলো দুটি, দুটিই মোহামেডানের জালে। আবাহনীর দুই গোলদাতাই বিদেশি। ব্রাজিলিয়ান ডি কাস্ত্রো ও ঘানাইয়ান মরিসন। তাহলে কি এটিও বিদেশিদের ম্যাচ?

স্কোরলাইন দেখে সেটি বলতে পারেন। কিন্তু আসলে তা নয়। ম্যাচটি গায়ে মেখেছে স্থানীয়-বিদেশি খেলোয়াড়দের মিলিত উত্তাপ। মোহামেডানের রক্ষণে বাইবেক ভালো খেলেছেন। তবে সাদাকালোদের বিদেশিদের চেয়ে আবাহনীর বিদেশিরাই অনেক কার্যকর ছিলেন মাঠে।
মোহামেডান সহকারি কোচ জুয়েল রানা এমনিতেই এই খেদোক্তি করেননি, ‘মোহামেডানের সবচেয়ে বড় সমস্যা বিদেশিরাই। এঁদের মান তেমন বলার মতো নয়।’
আবাহনীর স্থানীয় খেলোয়াড়েরাও এদিন ক্ষুরধার। সব বিভাগেই আবাহনী জমাট থাকার চেষ্টা করে সফল হয়েছে। আবাহনীর রক্ষণ নিয়ে একটু দুশ্চিন্তা ছিল সুজন পুরো ফিট না থাকায়। কিন্তু সুজন ভালোই খেলেছেন। দশ মিনিটে তৌহিদের ফ্রিকিকে কাস্ত্রোর হেডে করা গোল আবাহনীকে দিয়েছে প্রেরণা। মাঝেমধ্যে আবাহনী একটু খেই হারালেও পথ হারায়নি।

মোহামেডানের দুই ম্যাচ উইনার জাহিদ-এমিলি কড়া মার্কিংয়ে ছিলেন। দুজন মাঝেমধ্যেই প্রান্ত বদল করে খেলেও আসল কাজটা পারেননি। জাহিদ পরিশ্রম করে খেলেও ঠিকমতো সমর্থন পাননি। মাঝমাঠে দুদলই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। মোহামেডান হারলেও তাদের মাঝমাঠ আবাহনীর চেয়ে কখনো কখনো কার্যকর ছিল বেশি। আবাহনী জয় নিয়ে বেরিয়ে গেছে সুযোগ কাজে লাগিয়ে।
ছোট ছোট অনেক ভুল মোহামেডানকে নতুন করে ভাবাচ্ছে পরের ম্যাচগুলোর জন্য। প্রথম ম্যাচে রহমতগঞ্জকে পাঁচ গোল দিয়েও খেয়েছে দুই গোল। কালও দুই গোল হজম। ৭৭ মিনিটে মোহামেডান আত্মঘাতী গোলই খেতে যাচ্ছিল। মিন্টু শেখ বল পেয়ে নিজের পোস্টে মারেন। ফিরতি বল আলতো টোকায় জালে পাঠান আগের ম্যাচের ‘হ্যাটট্রিক হিরো’ মরিসন।

এই গোলের পরপরই গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনীর জয়োৎসব শুরু, মোহামেডান সমর্থকেরা ধরেন বাড়ির পথ। ২৮তম ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ফেনী সকারকে পেয়ে অনেকটাই নির্ভার অমলেশ সেন। ম্যাচের পর আবাহনী কোচ সেটা অকপটে বলেও গেলেন, ‘শেখ জামালকে কোয়ার্টার ফাইনালে এড়ানো গেল। স্বস্তি তো পাচ্ছিই।’ পাশে বসে ব্রাজিলিয়ান গোলদাতা কাস্ত্রো বাংলা না বুঝলেও চোখে-মুখে ফুটিয়ে তুললেন হাসি, ‘ভীষণ ভালো লাগছে দলকে জেতাতে পেরে।’

মোহামেডান গ্রুপ রানার্সআপ, শেষ আটে তাই খেলতে হবে শিরোপাপ্রত্যাশী শেখ জামালের সঙ্গে। কঠিনই হচ্ছে সে লড়াই। আবাহনীর কাছে হারের সঙ্গে শেষ আট থেকে বিদায়ের দুশ্চিন্তা কি সঙ্গী হলো মোহামেডানের?
ভালো ম্যাচ দেখতে আসা বুভুক্ষু দর্শকের তাতে কী আসে-যায়। ম্যাচটা তো আবাহনী-মোহামেডান ছাপিয়ে ফুটবল-আনন্দের উপলক্ষ হয়ে উঠল!
আবাহনী: সোহেল, সুজন, ওয়ালি, সামাদ, আরমান আজিজ (শাহেদ), মিশু, তৌহিদুল (শরিফুল), কোমল, ইয়েকো, কাস্ত্রো (সৈকত), মরিসন।
মোহামেডান: মামুন, তপু, আরিফ (মিন্টু শেখ), ইমন (সোহাগ), নাহিদ, হেমন্ত, ওয়াদুকুম, চার্লস (ওয়াহেদ), বাইবেক, জাহিদ, এমিলি।