কিপলাগাতের পর মো ফারাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার পদক হাতে মেয়েকে নিয়ে মো ফারাহ, এএফপি, ওয়েবসাইট
সোনার পদক হাতে মেয়েকে নিয়ে মো ফারাহ, এএফপি, ওয়েবসাইট

ইব্রাহিম জেইলান যখন শেষ চেষ্টা করলেন, ১০ হাজার মিটার দৌড় শেষ হতে আর আড়াই শ মিটারের মতো বাকি। কিন্তু মো ফারাহ এবার প্রস্তুত ছিলেন। তীরে এসে তরি তো ডোবাতে পারেন না সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট। শেষ দাগটা যখন পেরোলেন, ঘড়িতে সময় দেখাচ্ছে ২৭ মিনিট ২১ দশমিক ৭২ সেকেন্ড। শেষ মুহূর্তে সিপ্রন্টারের মতো দৌড়েও তাই মো ফারাহর পেছনেই রয়ে গেলেন জেইলান (২৭ মিনিট ২১ দশমিক ২৩ সেকেন্ড)। দুই বছর আগে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি হলো না। এবং হলো না বলেই ১০ হাজার মিটারের অধরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন মোহামেদ ‘মো’ ফারাহ। 

মহিলা ম্যারাথনে দেগুর পর মস্কোতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখা কেনিয়ার এডনা কিপলাগাত ,এএফপি, ওয়েবসাইট
মহিলা ম্যারাথনে দেগুর পর মস্কোতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখা কেনিয়ার এডনা কিপলাগাত ,এএফপি, ওয়েবসাইট

৫ হাজার ও ১০ হাজার মিটারে অলিম্পিক সোনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ফারাহর সাফল্যমুকুটে এই একটা পালকই বাকি ছিল। দুই বছর আগে দেগুতে খুব কাছাকাছি গিয়ে হেরে গিয়েছিলেন ইথিওপিয়ার এই জেইলানের কাছে। তাই প্রতিশোধই নেওয়া হলো মো ফারাহর। ১৯৮৩ সালে হেলসিংকিতে ইতালির আলবার্তো কোবার পর এই প্রথম কেনিয়া কিংবা ইথিওপিয়ার বাইরের কেউ সোনা জিতলেন এই ইভেন্টে। দারুণ এই কীর্তি গড়তে গিয়ে কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়েছে মো ফারাহকে সেই গল্পটা শোনালেন তিনি দৌড় শেষে, ‘আমি অনেক অনুশীলন করতাম। এ জন্য পরিবারের কাছ থেকে আমাকে অনেক সময় দূরে থাকতে হয়েছে। এমন অবস্থা হয়েছিল যে আমি লন্ডন অলিম্পিকে সোনা জেতার পরেও আমার মেয়ে আমাকে চিনতে পারেনি, কারণ সে আমাকে অনেক দিন দেখেনি।’ ফারাহর এই আবেগময় প্রাপ্তি অবশ্য পরশু মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের শেষের দিকের ঘটনা। তার আগের পুরোটাই এডনা কিপলাগাতের বিজয়গাথা। ২ ঘণ্টা ২৫ মিনিট ৪৪ সেকেন্ড টাইমিং গড়ে নারীদের ম্যারাথন জেতা এই কেনিয়ান অ্যাথলেট জিতেছেন এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম সোনা। কিন্তু কিপলাগাতের প্রাপ্তি শুধু এটুকুই নয়। ইতিহাসের প্রথম নারী তিনি, যিনি ধরে রাখলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনের সোনা। দেগুতে সোনাজয়ী ৩৩ বছর বয়সী এই কেনিয়ান ম্যারাথনার এবার পেছনে ফেলেছেন ইতালির ভ্যালেরিয়া স্ত্রানিওকে (২ ঘণ্টা ২৫ মিনিট ৫৮ সেকেন্ড)।
এই দুই ম্যারাথনারের দারুণ কিছু প্রাপ্তি বাদ দিলে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনটা কেমন যেন আলো ছড়াতে পারল না। শুরুর আগেই বেশ কয়েকজন তারকা অ্যাথলেটের ডোপ কেলেঙ্কারিতে জৌলুশ হারিয়েছিল মস্কো। আয়োজকেরা তার পরও দাবি করেছিলেন, ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। কিন্তু দিন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ‘১৪তম বিশ্ব চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করছি’ বলছেন, ৮১ হাজার ধারণক্ষমতার লুঝনিকি স্টেডিয়ামে মাত্র কয়েক হাজার দর্শক এখানে-সেখানে রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে! এর আগে ১০০ মিটারের হিটের জন্য উসাইন বোল্ট যখন ট্র্যাকে এলেন, সেই কয়েক হাজার দর্শকই বসল নড়েচড়ে। ১০.০৭ সেকেন্ড টাইমিং করা বোল্টের দৌড় অবশ্য মোবাইল, আইপ্যাড আর ক্যামেরায় ধরে রাখল অনেকেই। এএফপি।