কিপসাংয়ের বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়ার পর উইলসন কিপসাং। কাল বার্লিনে  রয়টার্স
ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়ার পর উইলসন কিপসাং। কাল বার্লিনে রয়টার্স

ম্যারাথনের তীর্থক্ষেত্রই বলতে হবে বার্লিনকে! জার্মানির রাজধানীতে ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভাঙল দশমবারের মতো। এর পাঁচবারই গত এক দশকে। দুই বছর আগে কেনিয়ার প্যাট্রিক মাকাউ ম্যারাথনের সর্বশেষ বিশ্ব রেকর্ড গড়েছিলেন এখানে। কাল সেই বার্লিনেই সেটা ভেঙে দিলেন মাকাউয়েরই স্বদেশি উইলসন কিপসাং। ২ ঘণ্টা ৩ মিনিট ২৩ সেকেন্ড সময় করে কিপসাং এখন ম্যারাথনের নতুন রাজা। মাকাউয়ের আগের রেকর্ডটা ছিল ২ ঘণ্টা ৩ মিনিট ৩৮ সেকেন্ড।
দৌড়ের শুরুতে কিন্তু পিছিয়ে ছিলেন কিপসাং। শেষ ১০ কিলোমিটারে দুর্দান্ত দৌড়ে বাকিদের পেছনে ফেলেন। লন্ডন ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী এই ম্যারাথনার পরে বলেছেন, ‘শেষ কয়েক কিলোমিটারে খুবই সতেজ মনে হচ্ছিল নিজেকে। আমার পরিকল্পনাই ছিল শেষ দিকে গিয়ে পুরোটা ঢেলে দেওয়া। আমি জানতাম এটা কঠিন হবে। আমি খুবই খুশি যে আমি জিতেছি ও বিশ্ব রেকর্ড ভেঙেছি। এখানে এই প্রথম দৌড়ালাম। দারুণ ব্যাপার। শহরটাও দারুণ। আমার খুবই ভালো লাগছে।’ এএফপি, রয়টার্স।
২ ঘণ্টা ৪ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন কেনিয়ারই ইলিউদ কিপচোগে। তৃতীয় হয়ে (২ ঘণ্টা ৬ মিনিট ৫৬ সেকেন্ড) কেনিয়াকে তিনটা পদকই এনে দিয়েছেন জেফরি কিপসাং।