কিপার ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক বাউচারের চোট কিংবা বিশ্রামে উইকেটকিপিংটা আগেও মাঝেমধ্যে করতেন। তবে ব্যাট হাতে নিজেকে অনেকটাই হারিয়ে ফেলা বাউচারকে দল থেকে বাদ দেওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে আব্রাহাম ডি ভিলিয়ার্স এখন নিয়মিতই উইকেটে পেছনে দাঁড়াচ্ছেন। নতুন ভূমিকা যে তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে, এর প্রমাণও দিয়ে যাচ্ছেন। কমপক্ষে ১০টি ম্যাচে উইকেটকিপিং করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় ডি ভিলিয়ার্সের। উইকেটের পেছনে দাঁড়ানো ১৮ ম্যাচে ৪ সেঞ্চুরি, রান ১০১৫ আর গড় ৮৪.৫৮। কিপিং না করা ৮৮ ম্যাচে গড় মাত্র ৩৮.৮২! ১৯৯৭ সালে শ্রীলঙ্কার হয়ে ১১ ম্যাচ খেলা উইকেটকিপার লঙ্কা ডি সিলভার ব্যাটিং-গড় ৫৩.৬৬। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারের ১৭২ ম্যাচের সবগুলোতেই দাঁড়িয়েছে উইকেটের পেছনে, গড় ৫০.২৮। চমকে দিতে পারে পরের নামটি। আফগানিস্তানের উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের ব্যাটিং-গড় ৪৮.৮৩! যদিও আফগানিস্তান এখনও ওয়ানডেতে কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হয়নি, তারপরও বিশ্ব ক্রিকেটের নবীন এক দেশের ক্রিকেটারের এমন পারফরম্যান্সকে খাটো করে দেখা অবকাশ নেই।