বেশ কিছুদিন ধরেই বিশ্বের সেরা ৭ নম্বর টেস্ট ব্যাটসম্যান মনে করা হচ্ছে ম্যাট প্রিয়রকে। উইকেটের সামনে ধারাবাহিকতায় অনেক সময়ই আড়ালে পড়ে যায় উইকেটের পেছনে তাঁর ধারাবাহিকতা। কিপিং গ্লাভস হাতেও কিন্তু দারুণ বিশ্বস্ত প্রিয়র। এর প্রমাণ মিলছে রেকর্ড বইয়েও। লর্ডস টেস্টের প্রথম দিনে চার ক্যাচ নিয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট ডিসমিসালের তালিকার চারে। পেছনে ফেলেছেন বব টেলরকে। মজার ব্যাপার হলো, টেলরের ১৭৪ ডিসমিসাল ছিল ৫৭ টেস্টে। প্রায় টেলরকে ছাড়ালেন ৫৮তম টেস্টে! ২১৯ ডিসমিসাল নিয়ে প্রায়রের ওপরে আছেন গডফ্রে ইভান্স। ইভান্স স্টাম্পিংয়ের তালিকায় ইংল্যান্ডের শীর্ষে, লক-লকার-ওয়ার্ডল-রাইটদের সেরা সময়ে কিপিং করেছেন বলেই হয়তো করতে পেরেছিলেন ৪৬টি স্টাম্পিং। ২৪১টি ডিসমিসাল করে দুইয়ে সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট। আর ২৬৯ ডিসমিসাল নিয়ে তালিকার শীর্ষে অনেকটা নিশ্চিন্ত অবস্থানে অ্যালান নট।