কিম্বার্লিতে আজ এগিয়ে যাওয়ার লড়াই
জয়ের জন্য প্রয়োজন ছিল প্রথম ম্যাচের মতো আরেকটা ইনিংস। রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। জিততে পারেনি বাংলাদেশ ‘এ’ দলও। পরশু দ্বিতীয় ম্যাচ ৫৬ রানে জিতে ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। তৃতীয় ম্যাচে আজ কিম্বার্লিতে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে দুই দল।২৮৬ রান তাড়া করতে প্রয়োজন ছিল দ্রুতগতির শুরু। সেটি পেয়েছিল বাংলাদেশ ‘এ’, কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে উইকেটও হারাতে হয়েছে। তিনে নামা জুনায়েদ সিদ্দিকের ৩৭ বলে ৩৯ রানের পরও ৪ উইকেট হারিয়ে ফেলে ৮৭ রানে। আগের ম্যাচে অপরাজিত ১১৮ করা আশরাফুল পরশু করেছেন ৩৯ বলে ৩৯। আশরাফুলের আউটে শেষ হয়ে যায় দলের আশাও। ১৫৪ রানে ৮ উইকেট হারানো দল ২০০ পেরোয় নবম উইকেটে ফরহাদ রেজা (৩৭*) ও নূর হোসেনের (৩২) ৫৯ রানের জুটিতে। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতে গুটিয়ে যায় ২২৯ রানে। শেষ ওভারগুলোর বেহিসাবি বোলিংই আসলে কাল হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের জন্য। লেগ স্পিনার নূর হোসেনের করা ইনিংসের শেষ ওভার থেকে ২৭ রানসহ শেষ ৫ ওভারে ৭২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। ওয়েবসাইট।