কিরগিজদের কাছে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানকে হারালে সেমিফাইনাল প্রায় নিশ্চিত—এমন একটা সমীকরণ সামনে রেখে কাল খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সম্ভাবনাই জাগেনি কখনো, সরাসরি ৩-০ সেটে হেরে গেছে বাংলাদেশ।
মিরপুর ইনডোরে প্রথম সেটটি বাংলাদেশ হেরেছে ২৫-১৯ পয়েন্টে। কিন্তু পরের সেট হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যাতে কিরগিজস্তান জেতে ২৯-২৭ পয়েন্টে। তবে শেষ সেটে দাঁড়াতেই পারেনি স্বাগতিকেরা। হেরেছে ২৫-১৮ পয়েন্টে। এই হারে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। হারের পর কোচ ইমদাদুল হক রেফারিদের দিকে আঙুল তুললেন, ‘গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেট চলার সময় দেশি রেফারি অন্তত তিনবার আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছে। ওই সময় সঠিকভাবে বাঁশি বাজালে দ্বিতীয় সেট জিতে ম্যাচে থাকতাম।’ ম্যাচ কমিশনার আনিসুর রহমান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিলেন, ‘আমাদের চোখে অন্যায় কিছু ধরা পড়েনি।’ অধিনায়ক সাঈদ আল জাবির নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন, ‘আজ আমাদের দলীয় সমন্বয়টা ভালো হয়নি। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল।’
গ্রুপে আজ শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে জিতলেও সেমিফাইনালে উঠতে অনেক ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে।
আফগানদের দুঃখগাথা: প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েছিল আফগানিস্তান। কাল দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরেছে ৩-২ সেটে। হারের পরও খেলোয়াড়দের প্রশংসা ঝরল আফগান কোচ সাদেক মোহাম্মদ ইউসুফের মুখে, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে।’
গ্রেনেড, গুলি আর বারুদের গন্ধে ঘুম ভাঙে এই খেলোয়াড়দের। পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা নেই। এই দলের পাঁচ খেলোয়াড় চাকরি করেন জাতীয় নিরাপত্তা বিভাগে (এনএসডি), পুলিশে তিনজন। চাকরির ব্যস্ততায় অনুশীলনের সুযোগও কম মেলে। বাড়ি থেকে ভেন্যুতে আসা-যাওয়ার মাঝেও ঝুঁকি থাকে অনেক। চাইলেই তাই সাধারণ পরিবার থেকে কেউ আসতে চান না। কোচ ইউসুফ বলছিলেন, ‘ভেন্যুতে আসার পথে অনেক সময় গোলাগুলির মাঝে পড়ে খেলোয়াড়েরা। কে অত ঝুঁকি নিয়ে খেলতে আসবে?’ গত নভেম্বরে আফগানিস্তানের পাকটিকা জেলায় আঞ্চলিক ভলিবল টুর্নামেন্ট চলার সময় আত্মঘাতী বোমায় মারা গিয়েছিল ৪৫ জন। আহত হয়েছিল অনেকে। এতসব প্রতিকূলতার মাঝেও খেলতে আসতে পেরেই নিজেদের ভাগ্যবান মানছেন আফগানরা।