কিলিমানজারো চূড়ায় ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জানত, পানশালায় নির্দোষ একটা খোঁচা থেকে এমন একটা যুগান্তকারী ব্যাপার হয়ে যাবে! ‘তোমার সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার একমাত্র সুযোগ হচ্ছে পর্বতের ওপর ক্রিকেট খেলা’—বলেছিলেন ডেভিড হার্পারের স্ত্রী। চট করে হার্পারের মাথায় এল, আরে তাই তো, পর্বতচূড়ায় একটা ক্রিকেট ম্যাচ তো খেলাই যায়! বিশ্বাস করুন আর নাই করুন, পেশায় আবাসন ব্যবসার পরামর্শক ও নেশায় অভিযাত্রী হার্পারের এই ভাবনাটাই এখন বাস্তবে রূপ নিচ্ছে!

কিলিমানজারোর নাম নিশ্চয় শুনেছেন? তানজানিয়ার এই পর্বতশৃঙ্গ আফ্রিকার সর্বোচ্চ, উচ্চতা ৫৭৮৫ মিটার (১৯ হাজার ফুট)। কল্পনা করুন, তুষারশুভ্র সেই কিলিমানজারোর চূড়ায় পুরোদস্তুর একটা টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। সেটাতে আবার অংশ নিচ্ছেন অ্যাশলি জাইলস, মাখায়া এনটিনির মতো সাবেক ক্রিকেটাররা। ম্যাচটা হয়ে গেলে সেটিই হবে সর্বোচ্চ উচ্চতায় ক্রিকেট খেলার নতুন রেকর্ড। এর মধ্যেই কিন্তু বাক্সপেটরা গুছিয়ে অভিযান শুরু হয়ে গেছে। গত শনিবার ৩০ জন খেলোয়াড় ও আম্পায়ারসমেত দল যাত্রা শুরু করে দিয়েছে। মালপত্র বইবার জন্য লোকজনসহ সঙ্গে আছে আরও এক শ জন। সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার তাদের পর্বতচূড়ায় ওঠার কথা।

এমনিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট ওপরে ওঠাটাই পর্বতারোহীদের জন্য বড় ব্যাপার। সেখানে একদল পেশাদার শৌখিন ক্রিকেটারের জন্য এটি আক্ষরিক অর্থেই ‘দুর্গম গিরি’। ওপরে ওঠার সঙ্গে সঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। তার ওপর কিলিমানজারো কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতের আশঙ্কাও আছে। এত উঁচুতে দৌড়াতেও অল্পতেই হাঁফ ধরে যাওয়ার কথা। জাইলস অবশ্য এসব বাধা-বিপত্তি ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন, ‘কিলিমানজারোতে বল করব এটা অবশ্যই ভাবিনি। কিন্তু এই উচ্চতায় চ্যালেঞ্জটা বিশাল। আমার তো তরই সইছে না।’

এর আগে সর্বোচ্চ উচ্চতায় ক্রিকেট খেলার রেকর্ডটা ছিল এভারেস্টের একটা বেসক্যাম্পে। ২০০৯ সালে ৫১৬৫ ফুট উচ্চতায় একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল। কিলিমানজারো তার চেয়েও ৬০০ মিটার বেশি উঁচু। অ্যালান কার সেই ম্যাচটিতে খেলেছিলেন। যে অভিজ্ঞতা নিয়ে পরে কার ক্রিকেটঅনএভারেস্ট নামে একটা বইও লিখেছেন। ওই ম্যাচটি আয়োজনের উদ্দেশ্য ছিল, মানুষকে ঘর থেকে বেরিয়ে নতুন কিছু করতে উৎসাহ দেওয়া। কার সতর্ক করে দিচ্ছেন, অত উচ্চতায় মৃত্যুও যেখানে অস্বাভাবিক কিছু নয়, সেখানে ক্রিকেট ম্যাচ খেলাটা বড় ঝুঁকিই। এটা তো ‘পার্কে গিয়ে হেঁটে আসার’ মতো নয়।

তা এত কষ্ট করে পাহাড় ঠেঙিয়ে ওঠার দরকারটাই বা কী? উদ্দেশ্য মহৎ, বিভিন্ন দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ। এর মধ্যে আছে ক্যানসার গবেষণা এবং হাতি ও অন্য বন্য প্রাণীদের চোরা শিকার ঠেকানো। ক্রিকেটের সঙ্গে যোগ আছে, এমন একটা উদ্দেশ্যও আছে। রুয়ান্ডার প্রথম আন্তর্জাতিক মাঠের জন্য অর্থ সংগ্রহ। গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে হালে ক্রিকেট ক্রমেই জনপ্রিয় হচ্ছে। নিজের অভিজ্ঞতা থেকে অ্যালান কার খুব ভালো বুঝতে পারছেন কিলিমানজারোর চূড়ায় ক্রিকেট ম্যাচের আসল মাহাত্ম্য, ‘আমার মনে হয় ওরা বুঝতে পারবে রেকর্ড আসলে সবকিছু নয়। তহবিল গঠন, নতুন বন্ধু পাওয়াসহ আরও কিছু হবে, যেটা ওরা সারা জীবন মনে রাখবে।’

এর মধ্যেই ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, অ্যান্ড্রু স্ট্রাউসের মতো সাবেকেরা শুভকামনা জানিয়েছেন। নাসের হুসেইন জাইলসকে নিয়ে মজা করে বলেছেন, ‘অতিরিক্ত কয়েকটি ম্যাচ বল নিয়ে যেতে ভুলো না, বিশেষ করে জাইলো যখন বোলিং করবে!’ শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জাইলসরা ঠিকঠাক ফিরে এলে জাঁকালো একটা সংবর্ধনাও পাবেন! এএফপি।