কিশোরদের ফুটবলে এমন সন্ত্রাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম পেশাদার লিগের দলগুলোর অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্ট শুরু করে বাফুফে একটি প্রশংসনীয় কাজ করেছে। তবে এর ভবিষ্যৎ শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ল। কাল আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনীর সমর্থকেরা মাঠে নেমে রীতিমতো সন্ত্রাস চালিয়েছে! বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ৭৬ মিনিটে গোল করেছিল মোহামেডানের শাহীন। এটিই ছিল তখন পর্যন্ত ম্যাচের একমাত্র গোল। আবাহনীর গোলরক্ষক বল সামনে বাড়ায়, ওই বল ডিফেন্ডাররা ধরার আগেই শাহীন ছিনিয়ে নিয়ে কোনাকুটি শটে জালে পাঠায়। দূর থেকে দেখে ওটাকে পরিচ্ছন্ন গোলই মনে হয়েছে। অথচ সবাইকে অবাক করে গোল বাতিলের দাবি তোলে আবাহনী। আকাশি-নীলের কিশোররা রেফারি বিটু রাজ বড়ুয়াকে ঘিরে ধরে, ধাক্কাও মারে। কেউ অবিশ্বাস্যভাবে রেফারির গায়ে হাতও তুলেছে!দৃশ্যটা মনে করিয়ে দিচ্ছিল আবাহনী-মোহামেডানের মূল দলের ঐতিহ্যবাহী লড়াইয়ের কথা। কিন্তু সাম্প্রতিক সময়েও বড়দের আবাহনী-মোহামেডান ম্যাচে রেফারিকে এভাবে লাঞ্ছিত হতে দেখা যায়নি।যা-ই হোক, কয়েক মিনিট পর খেলা শুরু হয়েছিল। কিন্তু আবাহনীর কিছু সমর্থক নামধারী কিছু লোক মাঠে ঢুকে তাণ্ডব চালিয়ে খেলা বন্ধ করে দেয়। তারা পোস্টের জাল ছিঁড়েই ক্ষান্ত হয়নি, কর্নার পতাকাও উপড়ে ফেলে। বিলবোর্ড ভাঙা হয়েছে, মাঠে ছুড়ে মারা হয়েছে ফটোসাংবাদিকদের বসার মোড়া। সবই ঘটেছে উপস্থিত কয়েকজন পুলিশের সামনেই। পুলিশ কোনো বাধা দেয়নি।খেলাও আর হয়নি। আবাহনী মাঠে থাকলেও খেলতে অস্বীকৃতি জানানোয় ৪০ মিনিট অপেক্ষার পর রেফারি শেষ বাঁশি বাজান। বাইলজ অনুযায়ী এ ম্যাচে মোহামেডানই জিতেছে। সাদা-কালোরা তাদের গ্রুপ থেকে মুক্তিযোদ্ধাকে নিয়ে সেমিফাইনালে উঠেছে। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আবাহনী। কিন্তু বিদায়ের আগে যে দৃশ্য দেখাল আবাহনী, ফুটবলের জন্য তা লজ্জার।বাফুফের ব্যর্থতাও পীড়াদায়ক। টুর্নামেন্ট ছেড়েই তাদের দায়িত্ব যেন শেষ! পাড়া-মহল্লায়ও এমন অব্যবস্থাপনা বিরল। কর্তারা তো মাঠেই আসেন না!