কিসলিংয়ের 'ভুতুড়ে গোল' নিয়ে ইউটিউবে ঝড়

যে গোল হয়নি সেই গোলেই যদি দল জেতে? আর সেই জয় দিয়ে যদি উঠে আসে পয়েন্ট তালিকার শীর্ষে? সোনায় সোহাগা তো বটেই, খুশিতে বাকবাকুম হওয়ার দশা হয় সেই দলের। তবে এমন জয় পেয়ে যতটা না খুশি, তার চেয়ে যেন বেশি বিব্রতই বায়ার লেভারকুসেন। এমনই এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে জার্মান শীর্ষ লিগের দলটির। কাল রাতে বুন্দেসলিগার ম্যাচে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েছে তারা। হারিয়েছে এমন একটা গোলে, যে গোলটা আসলে হয়ইনি। গোল হতে গেলে বলটা ঢুকতে হবে গোলমুখ দিয়ে। কিন্তু বল গোলমুখ দিয়ে ঢোকেইনি। তার পরও গোলের বাঁশি বাজিয়েছেন রেফারি!
কিন্তু কীভাবে?
ম্যাচের ৭০ মিনিটের খেলা চলছিল। কর্নার পেয়েছিল লেভারকুসেন। সেই কর্নার থেকে উড়ে আসা বলে বক্সে ওত পেতে থাকা স্টেফান কিসলিং মাথা ছুঁয়ে দেন। জোরাল হেডে বল ছুটে যায় গোলমুখে। কিন্তু ভেতরে না ঢুকে বল সাইড নেটিং হয়। অর্থাত্ জালের বাইরের দিকে গিয়ে লাগে। গোল মিসের হতাশায় কিসলিং মাথায় হাতও দিয়ে বসেন। কিন্তু এর পরই ঘটে যায় সেই ঘটনা—সাধারণত যেটা হয় না, হওয়ার কথা নয়। বাইরে থেকেই ধাক্কা খেয়ে জালের ফাঁক গলে বল ঢুকে পড়ে গোলে! রেফারি বাজিয়ে দেন গোলের বাঁশি! কিন্তু বারবার টিভি রিপ্লেতে দেখা যায়, মোটেও সেটি গোল হয়নি।
এই গোল নিয়ে ইউটিউবে ঝড় উঠেছে। গোলটির একটি ভিডিও ১২ ঘণ্টাতেই দেখা হয়েছে প্রায় তিন লাখবার!
এ রাতে যেন সত্যিই ভূত ভর করেছিল ম্যাচটিতে। কিংবা বলা ভালো শনির দশা ভর করেছিল হফেনহেইমের ওপর। ওই ভুতুড়ে গোলের মাশুল তুলতে কিছুক্ষণের মধ্যেই একটা পেনাল্টি পেয়েছিল হফেনহেইম। দুর্ভাগ্য আর কাকে বলে! পেনাল্টি শট ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লেভারকুসেনের গোলরক্ষক। ফিরতি বলে হফেনহেইমের এক খেলোয়াড় শট নিলে সেটা ডান পোস্টে লেগে ফিরে আসে। আবার ফিরতি বলে শট নেন অন্য আরেকজন। এবারও একই পরিণতি। সেই ডান পোস্টে লেগেই ফিরে আসে বল! পরে ৮৮ মিনিটে একটা গোল শোধ করে হফেনহেইম। কিসলিংয়ের গোলটা না হলে নিজেদের মাঠে ম্যাচটা অন্তত ড্র করতে পারত তারা।
হফেনহেইমের ফুটবল পরিচালক আলেক্সান্ডার রসেন বলেছেন, এই গোল নিয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা, ‘আমরা অবশ্যই তা করব। লেভারকুসেনের খেলোয়াড়দের গোলটা পাওয়ার পর উদযাপন করাই ঠিক হয়নি। এটা রীতিমতো কলঙ্ক।’ স্বাগতিক দর্শকদের দুয়োর কোরাস শুনে মাঠ ছাড়া রেফারি ব্রাইখ বলেছেন, ‘গোলটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। কিন্তু খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল এটা গোলই ছিল। কেউই আমাকে বলেনি বলটা আসলে গোলে ঢোকেনি। সত্যি বলতে কি, গোল হয়নি এমন একটাকে গোল দিয়ে দেওয়াটা আমার জন্যও খুবই বিব্রতকর।’
খানিকটা বিব্রত এই ‘ফ্যান্টম গোলে’র মালিকও। কিসলিং বলেছেন, ‘আমিও প্রথমে ভেবেছিলাম বলটা ভেতরে ঢোকেনি। কিন্তু সবাই আমার দিকে ছুটে এল আর উদযাপন করতে শুরু করল।’ লেভারকুসেন কোচ সামি হাইপিয়া বলেছেন, এমন জয় ভবিষ্যতে তিনি চান না, ‘বলটা যে পোস্টের বাইরে দিয়ে গেছে এটা আমি ম্যাচের পরই আসলে দেখেছি। ম্যাচের সময় আমি উদযাপন করেছি বটে, কিন্তু এভাবে জেতায় আমি খানিকটা অসন্তুষ্ট।’ সূত্র: রয়টার্স।