কী-ই বা বলার আছে!
এই ম্যাচের আগেও কণ্ঠে তাঁর আগুন ছিল। আবেগ জড়ানো গলায় বলেছিলেন, জার্মানদের কাছে আরেকটা পরাজয় সইতে পারবেন না। মাঠে তেড়েফুঁড়ে ডিফেন্স চিরে ঢোকার চেষ্টা করলেন, কিছুতেই কিছু হলো না। চার গোলের অবমাননা সহ্য করতে হলো কার্লোস তেভেজকে। শুধু তেভেজ নন, পুরো আর্জেন্টিনা দলকে মেনে নিতে হলো—জার্মানি-আর্জেন্টিনা লড়াইয়ে জার্মানি শ্রেষ্ঠতর দল। সবার হয়ে আর্জেন্টিনার পক্ষ থেকে যেন এই স্বীকৃতিটা দিলেন তেভেজ নিজেই, ‘জার্মানি আমাদের চেয়ে অনেক ভালো দল। আমরা বলের পেছনে ছুটছিলাম আর ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। অসাধারণ কাউন্টার অ্যাটাক করল এবং শেষ পর্যন্ত আমাদের বড় ব্যবধানে হারাল।’ জার্মানিকে কেন নিজেদের চেয়ে ভালো দল বলছেন, তার পরিষ্কার ব্যাখ্যাও আছে তেভেজের কাছে। নিজের চরিত্রের বিপরীতে গিয়ে জার্মানদের প্রশংসায় ভাসাচ্ছেন তিনি, ‘আপনারা হয়তো বলবেন, আমাদের বল পজেশন জার্মানদের চেয়ে ভালো ছিল। কিন্তু ওরা যেভাবে খেলল, তাতে বল পজেশনে কিচ্ছু যায় আসে না। তারাই পরিষ্কার সব সুযোগ তৈরি করেছে। তারাই শেষ পর্যন্ত গোলগুলো করেছে। অবশ্যই এই পরাজয় কষ্টের। আগের বারের চেয়ে (২০০৬ বিশ্বকাপের চেয়ে) এই পরাজয়ে আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি। সেবার অন্তত পেনাল্টি পর্যন্ত যেতে পেরেছিলাম। এবার চার গোল হজম করতে হয়েছে। আর কী বলব? আমাদের যা পাওনা ছিল, তা-ই পেয়েছি।’ম্যাচ হারলেই আর্জেন্টাইনরা প্রতিপক্ষকে আক্রমণ করে—এই কথাটা বদলে দিতেই বোধ হয় এবার একজোট হলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা! শুধু তেভেজ নন, গ্যাব্রিয়েল হেইঞ্জ বা অধিনায়ক মাচেরানোও বলছেন, শ্রেয়তর দল হিসেবে জিতেছে জার্মানি। হেইঞ্জ বলছেন, মাঠে নামার পর থেকে একবারের জন্যও তাঁরা খেলার নিয়ন্ত্রণ নিতে পারেননি, ‘আমরা যেই না মাঠে নামলাম, সঙ্গে সঙ্গে আমাদের অপ্রত্যাশিত সব ঘটনা ঘটা শুরু হলো। খুব দ্রুত প্রথম গোলটা খেয়ে ফেলার পর আমরা চেষ্টা করেছিলাম ফিরে আসতে, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, কাজ হয়নি। জার্মানরা আসলেই দুর্ধর্ষ ছিল। ওরা অসাধারণ খেলেছে।’অধিনায়ক মাচেরানোও মেনে নিচ্ছেন জার্মান-শ্রেষ্ঠত্ব, ‘আমাদের যেখানে আরও অনেকদূর যাওয়ার স্বপ্ন ছিল, সেখান থেকে এভাবে বিদায় নেওয়ায় আমরা খুবই কষ্ট পাচ্ছি। আমরা সবাই কষ্ট পাচ্ছি। এই ম্যাচ নিয়ে নানাভাবে বিশ্লেষণ হতে পারে। কিন্তু এখন সেই চিন্তা করার সুযোগ পাচ্ছি না। প্রতিক্রিয়াটা হয়তো পরে আসবে। বলা যায়, প্রথম গোলটা ওদের জন্য খেলাটা উন্মুক্ত করে দিয়েছে আর দ্বিতীয়টা আমাদের ছিটকে দিয়েছে।’অধিনায়ক যখন গুছিয়ে কথা বলতে পারছেন না, অন্যরা কি পারবেন? সবাই মুষড়ে পড়েছেন। হেইঞ্জ বলছেন, তাঁর দেশে ফিরতেই খারাপ লাগছে।কষ্ট পাচ্ছেন হেইঞ্জ। বয়স ৩২ হয়ে গেছে, আরেকটা বিশ্বকাপে এসে এই ক্ষতে মলম দেওয়ার সুযোগ হয়তো তিনি পাবেন না। তার পরও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার তরুণদের নিয়ে, ‘চার বছর ধরে শুধু লড়াই করেছি, এই বিশ্বকাপে আসতে পারার জন্য। এখন এভাবে দেশে ফেরাটা তো খুবই কষ্টের ব্যাপার। তবে আর্জেন্টিনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ দলে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা খুব ভালো করছে, ওরা খুবই প্রতিভাবান।’সেই ১৯৯০ সাল থেকে এই ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েই তো বিদায় নিচ্ছে আর্জেন্টিনা! ওয়েবসাইট।