কী এমন খান বোল্ট!

২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে শুরু হয়েছিল উসাইন বোল্টের জয়যাত্রা। তারপর থেকে এখন পর্যন্ত ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলে ইভেন্টে তিনি হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী। টানা দুটি অলিম্পিকে জিতেছেন তিনটি ইভেন্টের সোনা। আর এবার মস্কো বিশ্বচ্যাম্পিয়নশিপেও তিনটি সোনা জিতে বসে গেছেন কার্ল লুইস, মাইকেল জনসনদের মতো কিংবদন্তিদের পাশে। ১০০ ও ২০০ মিটারের বিশ্বরেকর্ড দুটিও আছে বোল্টের দখলে। সামনে যে আরও অনেক সাফল্যই বোল্টের হাতে ধরা দেবে, সেটাও অনুমান করা যায়। কিন্তু কীভাবে নিজেকে প্রস্তুত করেন সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেট?
ট্রাকে বোল্টকে সবার থেকে আলাদাভাবেই চেনা যায় তাঁর উচ্চতার কারণে। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এই স্প্রিন্টার নিশ্চিতভাবেই কিছুটা এগিয়ে থাকেন নিজের লম্বা লম্বা পা-এর জন্য। অন্যদের যেখানে ১০০ মিটার অতিক্রম করতে ৪৫টি ধাপ ফেলতে হয়, সেখানে বোল্ট ফিনিশিং লাইন ছুঁয়ে ফেলেন ৪০ ধাপেই। কিন্তু এই দীর্ঘ দেহটাকে কীভাবে সবল-সচল রাখেন বিশ্বের দ্রুততম মানব?
প্রতিদিন প্রায় দেড় ঘণ্টা বোল্টদের ঘাম ঝরাতে হয় নিজের পেশিগুলো সচল রাখার জন্য। তবে খুব বেশি স্থূলকায় যেন না হয়ে যান, সেদিকেও সমান নজর রাখতে হয় ২৬ বছর বয়সী এই অ্যাথলেটকে। তবে বোল্টের সবকিছুই নিখুঁত নয়। ছোটবেলায় মেরুদণ্ডটা সামান্য বেঁকে যাওয়ায় পিঠের সমস্যায় ভুগতে হয় বোল্টকে। এ জন্যও নিতে হয় বিশেষ যত্ন। ২০১২ সালের অলিম্পিক বাছাইয়ে ১০০ ও ২০০ মিটারে তিনি যে দ্বিতীয় হয়েছিলেন তার কারণটাও ছিল পিঠের যত্ন নিয়ে অবহেলা। বোল্ট সেটা স্বীকারও করেছিলেন, ‘আমি আমার মৌলিক কিছু অনুশীলন ও পিঠের অনুশীলন কয়েক দিনের জন্য বাদ দিয়েছিলাম।’ শরীরের যন্ত্রাংশগুলো সচল রাখতে পারাটা যে বোল্টের সাফল্যের পেছনে কতটা ভূমিকা রাখে, সেটা সহজেই অনুমান করা যায়।
কিন্তু শুধু ঘাম ঝরিয়ে অনুশীলন করলেই তো হয় না। শরীরটা ঠিক রাখার জন্য নিয়মিত সঠিক পরিমাণে খাদ্যটাও গ্রহণ করতে হয়। মুরগির মাংসের প্রতি বোল্টের বিশেষ পক্ষপাত আছে। সেটা তো থাকেই তাঁর খাদ্যতালিকায়। তবে গতির রাজার গোপন রহস্যটি হচ্ছে আফ্রিকার এক ধরনের গাছ আলু। এখান থেকেই প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন বি-সিক্স ও পটাশিয়াম সরবরাহ হয় বোল্টের শরীরে। সকালে সাধারণত জ্যামাইকার ঐতিহ্যবাহী খাবার অ্যাকে ও সল্টফিশ, রান্না করা কলা আর এই গাছ আলু দিয়েই নাশতা সারেন বোল্ট। দুপুরে পাস্তা আর মুরগি। রাতে খান ভাত আর মটরশুঁটি দেওয়া শূকরের মাংস। ফাস্টফুড পারতপক্ষে এড়িয়েই চলেন বলে জানিয়েছেন বোল্ট, ‘ফাস্টফুড আমি যখন খুশি তখনই খেতে পারি, কিন্তু চেষ্টা করি যতক্ষণ না খেয়ে থাকা যায়। সেটা হয়তো তিন মাসও হতে পারে। বয়স যত বাড়বে, খাওয়ার প্রতি যত্নটা ততই বাড়াতে হবে।’