কী করলেন তামিম!

তামিম ইকবালের এক দুর্দান্ত সেঞ্চুরির গল্পগাথা হতে পারত এই লেখা। কিন্তু তা না হয়ে লেখাটি এখন এক আক্ষেপের করুণ বর্ণনা হয়ে রইল। ৯৫ রানে ফিরে গিয়ে তামিম যে এক অসাধারণ মুহূর্ত হেলায় হারালেন।
হেলা-ফেলা করেই ফেরেন তামিম। ওয়াগনারের ওই বলটি যেন উইলিয়ামসনকে চামচ দিয়ে খাইয়ে দিলেন তিনি। অথচ এক বল আগে ওই একই জায়গা দিয়ে স্টিয়ার করে কী দুর্দান্তই না এক বাউন্ডারি মেরেছিলেন।
সকালে ভাগ্যদেবী তাঁর সঙ্গেই ছিলেন। ব্যক্তিগত ৬ রানে একবার আর ১২ রানে আরেকবার জীবন পেয়েছিলেন। দুবারই দুর্ভাগা বোলারটি ছিলেন ব্রেসওয়েল। জীবন পেয়ে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত তামিম খেলেছেন তাঁর মতোই। মধ্যাহ্নবিরতির পরেও অনেক দিন পর সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। কিন্তু একটা ভুলই বরবাদ করে দিল সব। রান করেছেন ৯৫, কিন্তু ড্রেসিং রুমে ফিরে নিশ্চয়ই শতক হারানোর আক্ষেপে জ্বলে-পুড়ে তিনি অঙ্গার।
তামিমের সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিল প্রায় চার বছর আগে! ওটা ছিল ২০১০ সালে ইংল্যান্ড সফরে পরপর দুই সেঞ্চুরির একটি। প্রথমে লর্ডসের ওই ঐতিহাসিক শতরান। এর ঠিক পরের টেস্টেই ওল্ডট্র্যাফোর্ডে তামিমের ব্যাট থেকে এসেছিল শেষ শতকটি। আজ পঞ্চম শতকের খুব কাছাকাছি পৌঁছেও তিনি অনেক দূরে। পুরোটাই যেন ছোট গল্পের ‘শেষ হইয়াও হইল না শেষ’ জাতীয় এক ব্যাপার। গল্পটা বলা হলো কিন্তু আক্ষেপটা যেন থেকেই গেল।