কী জানা যাবে আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ
বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগৎ

আন্তর্জাতিক কোনো ক্রিকেট দল বাংলাদেশে পা রাখলে বিমানবন্দরে ভিড় করেন আলোকচিত্র সাংবাদিকেরা। সারি বেঁধে দাঁড়িয়ে থাকে টিভি ক্যামেরা। আইসিসির কোনো কর্মকর্তার আগমনকে এত গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। কাল ব্যতিক্রম হলো। প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের নেতৃত্বে পাঁচ সদস্যের আইসিসি প্রতিনিধিদলকে ছবিতে ধরে রাখতে বিমানবন্দরে আলোকচিত্র সাংবাদিক ও টিভি ক্যামেরার ভিড় তো ছিলই, আলোকচিত্র সাংবাদিকদের অনেকে ভালো একটা ছবির জন্য হোটেল পর্যন্ত ‘ধাওয়া’ করলেন তাঁদের। কারণটা বোধ হয় পাঠকেরাও জানেন। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) যে তদন্ত প্রতিবেদনের জন্য দীর্ঘ অপেক্ষা, সেটি নিয়েই কাল সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে আইসিসি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের যে দলে ডেভ রিচার্ডসন ছাড়াও আছেন আইসিসির আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স, আকসু প্রধান ওয়াই পি সিং, আকসুর তদন্ত কর্মকর্তা অ্যালেন পিকক ও আইসিসির প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান। আজ বেলা সাড়ে তিনটায় র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সেই তদন্ত প্রতিবেদন নিয়েই আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলন।

২৪ ঘণ্টারও কম সময়ের সফর। কাল রাতে হোটেলে চেক ইন করার কিছুক্ষণ পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে রুদ্ধদ্বার সভায় বসেছে আইসিসি প্রতিনিধিদল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব আই এইচ মল্লিক ও বিসিবির আইনি কর্মকর্তাও ছিলেন এই সভায়। একটি সূত্রে জানা গেছে, তদন্তে কী পাওয়া গেছে, এই সভায় বিসিবির কর্মকর্তাদের সেটি জানানো হয়েছে। দেওয়া হয়েছে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনাও। সভা শেষে নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সভায় তদন্ত এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, এ ব্যাপারে আমাদের ব্রিফ করা হয়েছে।’ বিসিবির অস্থায়ী কমিটির বাকি সদস্যদের তা জানানোর জন্য আজ বেলা ১১টায় বোর্ডের জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত শুরু হলেও মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তির জের ধরে সেটির ডালপালা ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। তবে যত দূর জানা গেছে, আইসিসি প্রতিনিধিদল ঢাকায় এসেছে শুধুই বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে। সেই তদন্ত প্রতিবেদনের কতটুকু সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোহাম্মদ আশরাফুল যেহেতু ফিক্সিংয়ে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন, তাঁর নাম তাই স্বাভাবিকভাবেই উচ্চারিত হওয়ার কথা। তবে আইনি কারণে বিপিএল ফিক্সিংয়ে জড়িত বাকিদের নাম প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে একটি সূত্রে জানা গেছে, ঢাকা গ্ল্যাডিয়েটরসের ফিক্সিংয়ে জড়িত থাকার ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে আকসু। ‘নাম’ এসেছে আরও অনেকগুলোই, যাঁদের ফিক্সিংয়ে জড়িত থাকার ব্যাপারেও নিঃসন্দেহ আকসু। কিন্তু আশরাফুল ছাড়া আর কেউ অপরাধ স্বীকার করেননি বলে তাঁদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ট্রাইব্যুনালের মাধ্যমে। বিসিবির দুর্নীতিবিরোধী বিধিমালা অনুসারে গঠন করা হবে সেই ট্রাইব্যুনাল।

বাকিদের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হওয়া না-হওয়ার ব্যাপার আছে। আশরাফুলের ক্ষেত্রে প্রশ্ন শুধু শাস্তির মেয়াদ নিয়ে। সুনির্দিষ্টভাবে বললে প্রশ্নটা হলো—কত বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন অন্ধকার জগতে জড়িয়ে পড়া বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার? নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তও বিসিবিরই নেওয়ার কথা। তবে নিশ্চিতভাবেই এ ব্যাপারে আইসিসির একটা নির্দেশনা বা সুপারিশ থাকবে। সাময়িকভাবে নিষিদ্ধ আশরাফুল যে সুনির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধ হতে যাচ্ছেন, সেটি নিশ্চিতই। সেই শাস্তির ব্যাপারে আশরাফুল আপিল করতে চাইলে এটিও ট্রাইব্যুনালে গড়াবে।

আজকের সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর মিলবে কি না, তা নিয়ে সংশয় আছে। তবে এটা সংশয়াতীত যে,  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো সংবাদ সম্মেলন এমন প্রবল কৌতূহলের জন্ম দেয়নি।