গত কয়েক বছরে ইব্রাহিমোভিচ, ইতোর মতো ফুটবলাররা রোনালদোর চেয়ে বেশি আয় করছেন। স্বাভাবিকভাবেই বেশি বেতন প্রত্যাশা করছেন রোনালদো
কী দুঃখ রোনালদোর মনে!
কেন? কেন? কেন?মাদ্রিদের রাস্তায়, পাবে-পানশালায়, পার্কে, অফিসে কি ড্রয়িংরুমে—সবখানে উড়ে বেড়াচ্ছে প্রশ্নের রেণু। কেন? কেন এত অসুখী ক্রিস্টিয়ানো রোনালদো!চলছে নিরন্তর গবেষণা। রোনালদো নিজে মুখ ফুটে কিছু বলেননি। ‘আমি অসুখী’, শুধু এটুকুই বলেছেন। কারণটা বলেননি। অনেকে বলছেন, এ নাকি সুখের অসুখ! মাদ্রিদের মিডিয়া তো তাঁর ওপর মহা খাপ্পা। বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের একজন। সুদর্শন। নামকরা মডেল বান্ধবীর সঙ্গে সুখের সংসার। তাহলে অসুখী হওয়ার কারণ কী? কোথায় বাস ঘুণপোকার?নিজের অসন্তুষ্টির কারণ রিয়াল মাদ্রিদের উচ্চমহলে এরই মধ্যে পৌঁছে দিয়েছেন। গ্রানাডার বিপক্ষে ম্যাচের আগের দিনই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আর ক্রীড়া পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে কথা হয়েছে। কিন্তু পর দিনই এমন বিস্ফোরণ ঘটবে, সেটা নাকি তাঁরাও কল্পনা করতে পারেননি। গ্রানাডার বিপক্ষে জোড়া গোল করেও উদ্যাপনে অনীহ রোনালদো ছিলেন মুখ ভার করে। ম্যাচ শেষে সাংবাদিকেরা উদ্যাপন না করার কথা জানতে চাইলে সেই বোমা ফাটানো দুটো শব্দ উচ্চারণ করেন পর্তুগিজ তারকা: ‘আমি অসুখী!’এখনো আনুষ্ঠানিকভাবে কারণ জানা যায়নি। খোদ তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেসও নাকি ধোঁয়াশায়। তবে একটা খুব ভালো ব্যাখ্যা পাওয়া গেছে। মাদ্রিদের বেশ কিছু পত্রিকা লিখেছে, সমস্যার মূলে আছেন বেকহাম!না, ঠিক ডেভিড বেকহাম নন; তাঁর নামে পরিচিত একটি আইন, যে আইনটিকে বলা হয় ‘বেকহাম ল’। স্পেনের আগের কর-সংক্রান্ত একটি আইনে ছিল, যেসব বিদেশি স্পেনে ১০ বছরের কম সময় থাকবেন এবং বছরে এক লাখ ২০ হাজার ইউরোর বেশি আয় করবেন, তাঁরা ২৩ শতাংশ কর দেবেন, সাধারণত যে করের পরিমাণ ৪৫ শতাংশ! বেকহাম প্রথম এই আইনের সুবিধা ভোগ করেছিলেন বলে সেটিকে ‘বেকহাম ল’ বলা হয়। ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া স্পেন সরকার সম্প্রতি এই ‘বেকহাম ল’ বাতিল করেছে। অবশ্য রোনালদো-কাকারা যখন মাদ্রিদে আসেন, তখনো আইনটি ছিল। আগের চুক্তিতে সেই সুবিধা তাঁরা ভোগও করছেন। ২০১৫ পর্যন্ত মাদ্রিদের সঙ্গে রোনালদোর চুক্তি। যে চুক্তিতে বছরে এক কোটি ইউরো আয় করেন রোনালদো।সমস্যা হলো, গত কয়েক বছরে জ্লাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতোর মতো ফুটবলাররা তাঁর চেয়ে বেশি আয় করছেন। বার্সার তিন মৌসুমের আধিপত্যের ইতি টেনে গত মৌসুমে রিয়ালকে লিগ শিরোপা পুনরুদ্ধার করিয়ে দেওয়া রোনালদো স্বাভাবিকভাবেই নতুন চুক্তি প্রত্যাশা করছেন মাদ্রিদের কাছে। প্রত্যাশা করছেন বেশি বেতন। রোনালদোর যে পারফরম্যান্স, তাতে রিয়ালও স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। কিন্তু সমস্যাটা বাঁধিয়েছে ওই কর। বর্তমানে রোনালদোকে বছরে এক কোটি ইউরো বেতনের জন্য রিয়ালকে কর দিতে হয় সব মিলিয়ে ৫৫ লাখ ইউরো। নতুন চুক্তিতে রোনালদোর প্রত্যাশা অনুযায়ী তাঁকে দেড় কোটি ইউরো দিতে গেলে রিয়াল পড়ে যাবে ৪৫ শতাংশ করের আওতায়। সে ক্ষেত্রে রিয়ালকে আসলে রোনালদোর বেতন বাবদ খরচ করতে হবে তিন কোটি ১০ লাখ ইউরো! এই বিশাল অঙ্কের বোঝাই বিপদে ফেলেছে রিয়ালকে। এ কারণেই হচ্ছে না নতুন চুক্তি। এ কারণেই মন ভার রোনালদোর।সব মিলিয়ে রোনালদোর মাদ্রিদ-দিন ফুরোল কি না, উঠে গেছে এই প্রশ্নও। ওয়েবসাইট।