কী ভয়ংকর প্রতিশ্রুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো কাপড়ে মুখ ঢেকে দুই সন্ত্রাসী ভীতিকর কণ্ঠে টিভির পর্দায় বলছে, ‘শিকার ধরার অপেক্ষায় আমরা বসে আছি। আমরা ওদের ছিনতাই করব, ডাকাতি করব। আর যদি পুলিশ ঝামেলা করার চেষ্টা করে, প্রয়োজনে পুলিশকে গুলি করব।’ নিশ্চয়ই অবাক হওয়ার কিছু খুঁজে পাচ্ছেন না, সিনেমা-নাটকে এই দৃশ্য তো কতবারই দেখেছেন। কিন্তু যদি এটা হয় বাস্তব কোনো ঘটনা!হ্যাঁ, বাস্তব ঘটনাই। বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ব্যাপারে যারা মনস্থির করে ফেলেছেন, তাঁদের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে যেতে পারে। আর যাঁরা সিদ্ধান্ত নিতে ভুগছেন, তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যেতে পারে। কারণ ‘শিকার’ বলতে দুই সন্ত্রাসী বুঝিয়েছেন বিশ্বকাপ পর্যটকদের। দক্ষিণ আফ্রিকার ই-নিউজ চ্যানেলে গর্বিত ভঙ্গিতে এই হুমকি দিয়েছে দুজন।দুজনের পেশা এক হলেও কাজের ধরনটা ভিন্ন। একজন মূলত গাড়ি ছিনতাইকারী। ভয়ংকর দেখতে এক আগ্নেয়াস্ত্রে গুলি ভরতে ভরতে সে জানাল, তার শখ হয়েছে নতুন কিছু পাওয়ার, ‘জুনে প্রায় সাড়ে চার লাখ বিশ্বকাপ পর্যটক আসবে। অনেক সময়ই এরা এমন অনেক মূল্যবান জিনিসপত্র সঙ্গে আনে। আমাদের যা নেই, এমন কিছু হাতিয়ে নেওয়ার বড় একটা সুযোগ তো এটাই।’ আরেকজনের আছে ১০ বছরের ব্যাংক ডাকাতির বিশাল অভিজ্ঞতা। তার কাজটা একটু ‘উঁচু মানের’ বলেই হয়তো হুমকিটা আরও মারাত্মক, ‘প্রয়োজনে পুলিশকে গুলি করতে আমার এক সেকেন্ডও ভাবতে হবে না!’গড়ে প্রতিদিন প্রায় ৫০ জন লোক খুন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে এমনিতেই উত্কণ্ঠার শেষ নেই অংশগ্রহণকারী সব দেশ আর বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের। আয়োজকদের শত আশ্বাসেও ঠিক ভরসা করতে পারছেন না তাঁরা। এরই মাঝে এ ঘটনায় নিশ্চিতভাবেই দমে যাবেন পর্যটকেরা। ভিডিও প্রচারের পরপরই তাই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে দক্ষিণ আফ্রিকান কর্তৃপক্ষের। পুলিশমন্ত্রী নাথি এমথেথওয়া ওই দুজনকে খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কর্তৃপক্ষ বড় একটি অভিযোগও তুলেছে, স্বাধীনতার সুযোগের অপব্যবহার করছে অনেক সংবাদমাধ্যম। পর্যটকদের নাকি অযথাই এত শঙ্কিত করা হচ্ছে।শুধু তা-ই নয়, বর্ণবৈষম্য যুগের এক মিডিয়া আইনের আওতায় ই-নিউজের সম্পাদক বেন সেইড ও রিপোর্টার এমফো লাকাজের কাছে ওই দুই ব্যক্তির পরিচয় চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। চ্যানেলটির আইনজীবীরা এখন নোটিশের জবাব দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। ই-নিউজের পাশে দাঁড়িয়ে বিতর্কিত এই আইন চিরতরে বাতিলের দাবি জানিয়েছেন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান থাবো লেশিলো। তবে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসির মুখপাত্র জ্যাকসন মথেম্বুর কথাটাও না মেনে উপায় নেই, ‘সন্ত্রাসীদের পরিচয় না বলে বিশ্বজুড়ে নিষ্কলুষ ফুটবলপ্রেমীদের নিরাপত্তার ব্যাপারটি যদি ই-নিউজ না দেখে, তাহলে ওই সন্ত্রাসীদের থেকে তারাও তো আলাদা নয়!’ ওয়েবসাইট।