কী রেখেছে চতুর্থ দিন?
কাঁটা কাঁটা কথায় ছোট্ট ও নির্লিপ্ত উত্তর। সংবাদ সম্মেলনে মমিনুল হকের কথায় কখনো ছড়াল বিস্ময়, ভাবনার সরলতায় কখনো ছড়ালেন মুগ্ধতা, কখনো জোগালেন হাসির খোরাক, কখনো আবার ছোটগল্পের মতো অনেক কিছু অব্যক্ত রেখেই শেষ। তবে মমিনুল সবচেয়ে বড় বিস্ময়টা উপহার দিলেন ম্যাচ ভাবনায়। আজ চতুর্থ দিনে বাংলাদেশের পরিকল্পনা, ‘সারা দিন ব্যাটিং করা!’
উইকেট পড়ে গেছে সাতটি। উইকেটে থাকা সোহাগ গাজীর প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি আছে দুটি। ব্যাটের হাত আবদুর রাজ্জাকেরও খারাপ নয়। কিন্তু দুজনের কেউই তো আর প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নন। বাইরে আছেন শুধু রবিউল ইসলাম ও রুবেল হোসেন। এই রসদ নিয়ে আজ সারা দিন ২২ গজের নিয়ন্ত্রণ রাখা আদৌ কি সম্ভব? মমিনুলের উত্তর আর চোখেমুখে বিস্ময় দেখে মনে হলো প্রশ্ন করাটাই অবান্তর, ‘কেন সম্ভব নয়!’
মমিনুলের কথা আর ভাবনার সততা-সরলতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আর ক্রিকেটীয় অনিশ্চয়তার যাবতীয় উদাহরণ মনে করেও নিশ্চিত করে বলা যায়, আজ সারা দিন ব্যাটিং করা বাংলাদেশের জন্য অসম্ভবই। প্রথম বাস্তব ভাবনা হবে তাই নিউজিল্যান্ডের সঙ্গে রানের ব্যবধান যতটা সম্ভব কমিয়ে আনা। শুরুতে পঞ্চাশের নিচে নামিয়ে আনা, এর পর ৩০-২০ রানে নামিয়ে এনে সম্ভব হলে সামান্য হলেও লিড নিয়ে মানসিকভাবে এগিয়ে থাকা। আজ প্রথম সেশনটা খেলতে পারলেই হয়তো লিড নেওয়া হয়ে যাবে। তবে সেটার জন্য বোল্ট-ব্রেসওয়েলদের দেখিয়ে দেওয়া পথে পরীক্ষায় উতরানো চাই। উপায়টা তো আগের দিন স্বয়ং রাজ্জাকই বলে গিয়েছেন, মাথা ঠান্ডা রাখতে হবে!
চতুর্থ দিনের উইকেটটা নিয়ে অবশ্য ভাবনা থাকতে পারত সোহাগ-রাজ্জাকদের। তবে উইকেট নিয়ে যাবতীয় শঙ্কা ও বিশ্লেষণ ভুল প্রমাণিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। যতই দিন গড়াচ্ছে, উইকেট ভাঙার বদলে যেন আরও ভালো হচ্ছে! কাল তৃতীয় দিনে যেমন ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো হয়ে গেল উইকেট। চতুর্থ দিনে আরও ভালো না হোক, বাজে হওয়ার শঙ্কা আপাতত শিকেয় তুলে রাখাই ভালো।
মমিনুলের মতো আত্মবিশ্বাসের কমতি নেই হামিশ রাদারফোর্ডেরও। ৩৪ রান করে আউট হয়েছেন, বোলিং তো একদমই করেন না। পরশু সকালের পর উইকেটের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর। তবে কাছ থেকে দেখেছেন। সেটি থেকেই বাঁহাতি ওপেনারের বিশ্বাস, ম্যাচ জয়ের সব সম্ভাবনাই আছে নিউজিল্যান্ডের, ‘আমার ধারণা আমরা খুব ভালো অবস্থানে আছি। সবাই যেমন ভেবেছিল, উইকেট ততটা ভাঙেনি। তবে কাল থেকে ভাঙতে শুরুও করতে পারে। কাল আমাদের প্রথম লক্ষ্য থাকবে সকালে যত দ্রুত সম্ভব ৩ উইকেট নেওয়া। এরপর দ্রুত রান করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো। আশা করি, পঞ্চম দিনে উইকেট থেকে সহায়তা পাওয়া যাবে।’
তবে পঞ্চম দিনটা পঞ্চম দিনেই দেখা যাবে। তার আগে প্রশ্ন, কী রেখেছে চতুর্থ দিন? ড্রয়ের দিকে এগোবে ম্যাচ নাকি হেলে পড়বে কোনো এক দিকে!