কী হলো ভারতের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয়দের ব্যর্থতার মিছিলে ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও
ভারতীয়দের ব্যর্থতার মিছিলে ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও

কদিন আগে ঘরে উঠেছে চ্যাম্পিয়নস ট্রফি। তা-ও আবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন। সেই ভারতীয় দল ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেছে। কী হলো হঠাত্ ভারতের? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে ১ উইকেটে হার। ওই হারটা না হয় মানা গেল। কিন্তু গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ রানের হারের কোনো ব্যাখ্যা হয় না। কেন পারছে না ভারত? উত্তরটা জানা নেই ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে থাকা বিরাট কোহলিরও, ‘আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে, ঠিক কোন জায়গায় ভুল হচ্ছে।’ কোহলি মনে করেন, টানা দুই ম্যাচ হারের পর সত্যিকারের অবস্থাটা অনুধাবন করার সময় এসেছে।

গত রাতে ভারতীয় দল যেভাবে অসহায়ত্ব প্রকাশ করল, তা এককথায় অবিশ্বাস্য। বোলিংয়ের বাজে অবস্থাটা দেখুন। প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৮ রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। মাত্র এক উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার ব্যাট করল লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই এমন কীর্তি এই প্রথম। উদ্বোধনী জুটিতেই ২১৩ রান তোলে শ্রীলঙ্কা, যা ভারতের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ জুটি। উপুল থারাঙ্গার অপরাজিত ১৭৪ রানের ইনিংসটা নিজের তো বটেই, স্যাবাইনা পার্কেই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। দুই বছর পর ওয়ানডেতে সেঞ্চুরির (১০৭) দেখা পেলেন মাহেলা জয়াবর্ধনেও। থারাঙ্গা-জয়াবর্ধনে মিলেই তো নাকানি-চুবানি খাওয়ালেন ভারতীয় বোলারদের!

ব্যাট হাতেও কম ব্যর্থতার পরিচয় দেননি ভারতীয়রা। ৪৪.৫ ওভারে ১৮৭ রানেই ইনিংস শেষ! শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় যে উইকেট মনে হচ্ছিল জলবত্ তরলং, ভারত ব্যাটিংয়ে নামতেই যেন মনে হলো, এর চেয়ে কঠিন উইকেট আর হয় না! ভারতের হয়ে হাফ সেঞ্চুরির দেখাই পেলেন না কেউ। সর্বোচ্চ ৪৯ রান নিয়ে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাদেজা।

১৬১ রানের হার একটা লজ্জাও এনে দিয়েছে ভারতকে। প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে রানের হিসাবে এটি ভারতীয় দলের সবচেয়ে বাজে হার। আগের রেকর্ডটা ছিল ১৩৫ রানের, ২০০২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এমন বিব্রতকর পারফরম্যান্সের পর কোনো অজুহাত চলে না। অজুহাত দাঁড় করানোর চেষ্টা করলেন না কোহলিও, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। লঙ্কানরা দারুণ ব্যাটিং করেছে; আমরা পারিনি। ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে গেলে শুরুটা দ্রুততর হতে হয়। আমরা তা করতে সমর্থ হইনি। সেই সুযোগ ওরা আমাদের দেয়নিও।’

টানা দুই ম্যাচে হার। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে গত রাতের বাজে হারের পর ভারতের ফাইনালে ওঠাটা কঠিন হয়ে গেল। তবে ম্যাচ শেষে আশা দেখালেন কোহলি, ‘এখনই সব শেষ হয়ে যায়নি। আরও দুটি ম্যাচে আমাদের হাতে আছে।’ সূত্র: ক্রিকইনফো।