প্রথম ম্যাচেই হারল ফেবারিট স্পেন। হারবে না কেন? শুধু বল পজেশনে এগিয়ে থাকলে তো হবে না, পোস্টে শট নেওয়া চাই। প্রথম ১৬-১৭ মিনিট স্পেনের বল পজেশন ছিল ৭৭ ভাগ। ঠিক ১৬ মিনিটে তারা সুইজারল্যান্ডের পোস্টে প্রথম ‘অন টার্গেট’ শট নিল। এই যদি হয় অবস্থা, তাহলে একটা দল, নামের ওজনে যতই বড় হোক, জেতা কঠিন।হ্যাঁ, সুইসরা কোনো ফাঁকফোকরই দেয়নি। এই ফাঁক তো তারা দেবে না। সব দলই মাঠে নামে প্রতিপক্ষকে আটকানোর ছক কষে। এর মধ্যেই আপনাকে খেলতে হবে। সেই খেলাটা যদি হয় ‘সাইড টু সাইড’ বল চালাচালি, জেতার আশা করা বাড়াবাড়ি।সুইসরা একটা জায়গায় খেলতে দিয়েছে স্পেনকে। তারপর আর জায়গা দেয়নি। দিশেহারা স্পেনিয়ার্ডরা এলোমেলো শট নিয়েছে। যে গোলটা খেয়েছে, সেটিও নিজেদের এলোমেলো শট নেওয়ারই খেসরাত। সিলভার নেওয়া বাজে একটা শটের পর গোলকিক, এরপর দ্রুত আক্রমণে গিয়ে গোলটা করে ফেলেছে সুইসরা। আমরা তো স্পেন-স্পেন করছি। স্পেন-ব্রাজিল ফাইনালের সম্ভাবনাও দেখছেন অনেকে। ঠিক আছে, ওদের ফেবারিট মানতেই হবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে। দুই বছর আগে ইউরো জয়, তারপর ওদের খেলোয়াড়েরা একেকজন নিজ নিজ পজিশনে প্রায় সবাই বিশ্বসেরা। কিন্তু এই দলটির রক্ষণ দেখুন, এত ভারসাম্যহীন—অবিশ্বাস্য! স্পেনের রক্ষণভাগের গভীরতা ছিল। মানে ‘নাম্বার অব প্লেয়ার’ সব সময়ই যথেষ্ট মনে হয়েছে। কিন্তু ভারসাম্য ছিল না। দুই-তিন বার তো জনা তিনেক ডিফেন্ডারের ফাঁক গলে বল বেরিয়ে গেছে। একবার পোস্টেইও লাগল। যার যেখানে থাকার কথা, সে সেখানে ছিল না। স্পেনের খেলায় আতঙ্ক তৈরি করার মতো একটি পাসও দেখলাম না। বক্সে যাওয়া ক্রসগুলো গোলরক্ষকের হাতে গিয়েছে, না হয় গিয়েছে বাইরে। ডানপ্রান্ত থেকে সিলভা, বাঁ প্রান্ত থেকে ইনিয়েস্তার ক্রসগুলো কখনো কখনো কোমর উচ্চতায় ছিল। এভাবে তো গোল পাওয়া যায় না!সবচেয়ে বড় কথা, গোলে শট নিতে হবে। দশটি শট নিলে একটি গোল হয়ে যেতে পারে। উরুগুয়ের ফোরলানকে দেখুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে গোল পেয়েছে পোস্টে শট নিয়েছে বলেই। প্রথম গোলটা প্রায় ২৭-২৮ গজ দূর থেকে। এই জিনিসটা স্পেনের মহাতারকারা করতে পারেনি।তোরেস বদলি হিসেবে নেমে চেষ্টা করেছে। তবে প্রতিপক্ষকে তছনছ করার মতো খুনে মানসিকতা দেখা যায়নি। সম্ভাব্য সেরা গোলদাতার তালিকায় এক-দুইয়ে ডেভিড ভিয়াকে রাখছেন অনেকে, কিন্তু কড়া পাহারায় থেকে সে অকার্যকরই হয়ে থাকল। অন্যদের কথা না-ই বা বললাম।আসলে স্পেনিয়ার্ডদের শরীর যখন কাজ করেছে, তখন মন কাজ করেনি। আবার মন যখন কাজ করেছে, শরীর তখন অচল। ‘ব্রেক থ্রু’ যখন দরকার, দায়িত্ব নেওয়ার আসলে কেউ ছিল না। এই হলো প্রথম ম্যাচের স্পেন। উরুগুয়ের কাছে দক্ষিণ আফ্রিকার তিন গোলে উড়ে যাওয়াটা অপ্রত্যাশিতই। বলতে গেলে উরুগুয়ের সবচেয়ে বড় তারকা ডিয়েগো ফোরলানই হারিয়ে দিয়েছেন স্বাগতিকদের।