কীভাবে ট্যাকল করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রকে অ-আ-ক-খ শেখানো! কিন্তু আর কোনো উপায়ও নেই। ইদানীং মাঠে একের পর এক বিপজ্জনক ট্যাকলের ঘটনা ঘটছে ইংলিশ প্রিমিয়ার লিগে। গতকালই যেমন আর্সেনাল-ব্ল্যাকবার্ন ম্যাচের প্রথমার্ধে রবিন ফন পার্সিকে দুই পায়ে স্লাইডিং ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেছেন গায়েল গিভেট। লাফিয়ে পড়ে বেঁচেছেন ফন পার্সি। বাজেভাবে লাগলে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরেই ছিটকে যেতেন ম্যাচে হ্যাটট্রিক করা এই ডাচ ফরোয়ার্ড। কোন পরিস্থিতিতে কীভাবে ট্যাকল করা বৈধ হবে এ ব্যাপারে একটা আইনই আছে ফুটবলে। যেটি ‘ল ১২’ নামে পরিচিত। আইনটিকে ফুটবলারদের কাছে আরও পরিষ্কার করতে একটি ডিভিডি বানানো হয়েছে। যেটি দেখলে সবাই ধারণা পাবে, কোন কোন ট্যাকল অসতর্কতার ফল, কোন ট্যাকল বেপরোয়া মানসিকতার ফল আর কোন ট্যাকল আইনসিদ্ধ। প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের (পিজিএমওএল) বানানো এই ডিভিডি আগামী সপ্তাহে পাঠানো হবে ক্লাবগুলোর কাছে।বিপজ্জনক ট্যাকল নিয়ে বিতর্ক তৈরি হয় ম্যানচেস্টার সিটির ভিনসেন্ট কম্পানি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানিকে ফাউল করে লাল কার্ড দেখায়। ট্যাকলটি বিপজ্জনক হলেও নানি লাফিয়ে নিজেকে বাঁচিয়েছিলেন, ফলে কম্পানির সঙ্গে শারীরিক সংঘর্ষ হয়নি। কিন্তু এর কিছুদিন পর সিটিরই এক খেলোয়াড়কে লিভারপুলের গ্লেন জনসন বিপজ্জনক ট্যাকল করে আহত করেও কার্ড দেখেননি। এ নিয়ে তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন সিটি কোচ রবার্তো মানচিনি।সবাইকে একটা পরিষ্কার ধারণা দিতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ডিভিডিটি বানানোর আগে বিষয়টি নিয়ে পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ) এবং লিগ কোচদের সংগঠনের (এলএমএ) সঙ্গে বৈঠক করেছে পিজিএমওএল। সংস্থাটির মহাব্যবস্থাপক মাইক রিলের আশা, এই ডিভিডি দেখার পর বিপজ্জনক ট্যাকলের হার কমে যাবে। রয়টার্স।