কীভাবেই না ফিরলেন জনসন!

যেন শেষ দৃশ্যের আগে চূড়ান্ত সাসপেন্স। ‘সিরিজ-সেরার দাবিদার দুজন, দুজনই সন্দেহাতীতভাবে যোগ্য। তার পরও একজন পরিষ্কার পার্থক্য গড়ে দিয়েছেন দুই দলের মধ্যে...’ পুরস্কার বিতরণী মঞ্চে এটুকু বলেই একটু দম নিলেন মার্ক টেলর। সিডনি ক্রিকেট মাঠে তখন পিনপতন নীরবতা। পাশাপাশি কাঁধে হাত মিলিয়ে কৌতূহলী চোখে তাকিয়ে অস্ট্রেলিয়ানরা। রুদ্ধশ্বাস কয়েকটি মুহূর্তের পর গর্জে উঠল টেলরের কণ্ঠ, ‘মিচেল জনসন...।’
গর্জে উঠল গ্যালারিও, সতীর্থরা চাপড়ে দিল পিঠ। আর তিনি? মুখে হাসি নেই, বিশাল গোঁফের নিচে ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন শুধু। হয়তো সামলাচ্ছিলেন আবেগ, হয়তো দৃঢ়প্রতিজ্ঞায় কঠোর হচ্ছিলেন! অবশ্য স্বস্তির নিঃশ্বাসও বেরিয়ে এল বলে মনে হলো। মঞ্চের দিকে এগিয়ে গেলেন ঢিলেঢালা, নির্ভার পায়ে। টেলর ‘অভিনন্দন মিচ’ বলার পর অবশ্য একটু হাসির ভঙ্গি করলেন।
প্রকাশে কিপ্টেমি থাকলেও হূদয়ে উচ্ছ্বাসের ঝড় বইছিল নিশ্চিতভাবেই। অ্যাশেজ-সেরার কম্পটন-মিলার মেডেলের দিকে তাকিয়ে বললেন, ‘এই স্মৃতি সারা জীবন হূদয়ে রাখব সযত্নে।’ আরেক হাতে ধরা ট্রফিটার দিকে পলক ফেলে তাকালেন শূন্যে, সুদূরে। হয়তো ফিরে গেলেন সিরিজ শুরুর আগে, গত কিছুদিনের দুঃস্বপ্নের প্রহরগুলোয়!
গত জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া যখন আরেকটি দুঃস্বপ্নের ভ্রমণে, জনসন হতাশায় ছটফট করছেন দেশে। ফকনার-বার্ডরা পর্যন্ত ছিলেন দলে, কিন্তু জায়গা হয়নি জনসনের। তা নিয়ে খুব একটা উচ্চবাচ্যও হয়নি। অনেকেই তাঁকে যে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন! যৌক্তিকও ছিল। ১৭ বছর বয়সেই যাঁকে দেখে ডেনিস লিলি বলেছিলেন, ‘এমন বোলার প্রজন্মে একজনই আসে’, বোলিং তোপ ও ব্যাটের ঝড়ে ২০০৯ সালে যিনি ছিলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, এগোচ্ছিলেন গ্রেট হওয়ার পথে, সেই জনসন যেন আচমকাই হারিয়ে ফেলেছিলেন গতি ও ধার। মাঝেমধ্যে পুরোনো ঝলক সামান্য একটু দেখিয়ে আবার বিবর্ণ। স্ত্রীকে নিয়ে মায়ের সঙ্গে সাংসারিক ঝামেলাটাও হয়তো প্রভাব ফেলেছিল মাঠে।
৩২ ছুঁই-ছুঁই বয়সে বাতিলের খাতায় চলে গেলে যেকোনো ফাস্ট বোলারের মন থেকে ক্রিকেট উঠে যাওয়া স্বাভাবিক। জনসন যেন প্রতিজ্ঞা করেছিলেন শেষ দেখে ছাড়বেন। হারিয়ে যাওয়ার বয়সে শুরু করলেন নতুন করে। কাজ করে গেলেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়। তবু জেমস প্যাটিনসন, জ্যাকসন বার্ডরা ফিট থাকলে প্রথম টেস্টের একাদশে জায়গা পেতেন কি না সন্দেহ। বরাতজোরে জায়গা পেলেন, এরপর ভাগ্য গড়লেন নিজের হাতেই। সিরিজের প্রথম দিনে ব্যাট হাতে ৬৪, দ্বিতীয় দিনে বল হাতে ধসিয়ে দিলেন ইংল্যান্ডকে। গতি আর বাউন্সের আগুন ছড়াতে থাকলেন প্রতি টেস্টেই, ১৫৫ কিমির ওপর গতি তুলে হয়ে গেলেন বাঁহাতি পেসে ইতিহাসের দ্রুততম। আর পুড়তে থাকল ইংল্যান্ড। সিরিজ শেষে ১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট, সঙ্গে রেকর্ডের মালা। ভুলে যাবেন না ব্যাট হাতে মহামূল্য ১৬৪ রানের কথাও। কেই-বা ভাবতে পেরেছিল সিরিজের আগে!
জনসন ভেবেছিলেন। ভেবেছিলেন আরেকজনও। সেই আরেকজন, মাইকেল ক্লার্কের কণ্ঠেই শুনুন, ‘ম্যান অব দ্য সিরিজ...আমি আর মিচ ছাড়া আর কে ভাবতে পেরেছিল! কী আগ্রাসী বোলিংটাই না করল! এই গতিতে বোলিং করা এক ব্যাপার, আর প্রতিটি ইনিংসে প্রতিদিন সেটি ধরে রাখা অসাধারণ বললেও যথেষ্ট নয়।’
গ্রেটদের কাতারে জনসন ঢুকতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে ছায়াটা কিন্তু দেখে ফেলেছেন তাঁর অধিনায়ক, ‘এমন কিছু স্পেল এই সিরিজে করেছে মিচ, নিঃসন্দেহে আমার দেখা সেরা স্পেলগুলোর কাতারে থাকবে। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি, ব্রেট লিদের অসাধারণ কিছু স্পেল দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওই গ্রেটদের চেয়ে ভালো না হলেও পাশাপাশিই থাকবে মিচ।’
ক্লার্ক স্যালুট জানাচ্ছেন জনসনের মানসিক দৃঢ়তাকেও, ‘ক্যারিয়ারজুড়ে সমালোচনা কম সইতে হয়নি ওকে, জায়গা হারিয়েছে দলে...তবে আর কেউ কখনো ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। “হার মানব না”—এই মানসিকতা ও ক্ষুধা সহজ কথা নয়।’
ফেরার সেই লড়াইয়ে পাশে থাকার জন্য জনসন ধন্যবাদ জানালেন স্ত্রী জেসিকা ব্রাটিচ আর সতীর্থদের। ইংলিশ ব্যাটসম্যানরা না পারলেও বার্মি আর্মি কম ত্যক্ত করেনি জনসনকে। এমনকি কালও ভেসে এল গ্যালারির স্লেজিংয়ের তোড়। পারফরম্যান্স দিয়েই সেই লড়াইয়ে জিতেছেন জনসন। কাল একপর্যায়ে আঙুল উঁচিয়ে ইংলিশ সমর্থকদের দেখালেন, ‘এক, দুই, তিন, চার, পাঁচ...।’ বার্মি আর্মির সঙ্গে লড়াই নিয়ে পড়ে বললেন, ‘ক্রিকেট এমনই...।’
সত্যিই তো, এই উত্থান-পতনই ক্রিকেট! মেয়ের অসুস্থতায় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর জায়গাটা দাপটে ফিরিয়ে নেন ব্র্যাড হাডিন। একজন জনসন হয়ে ওঠেন ফিনিক্স পাখি! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১ ও ওয়েবসাইট।
টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট
উইকেট বোলার ম্যাচ সিরিজ মৌসুম
৪৯ সিডনি বার্নস ৪ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ১৯১৩-১৪
৪৬ জিম লেকার ৫ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ১৯৫৬
৪৪ ক্ল্যারি গ্রিমেট ৫ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ১৯৩৫-৩৬
৪২ টেরি অল্ডারম্যান ৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ১৯৮১
৪১ রডনি হগ ৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ১৯৭৮-৭৯
৪১ টেরি অল্ডারম্যান ৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ১৯৮৯
৪০ ইমরান খান ৬ পাকিস্তান-ভারত ১৯৮২-৮৩
৪০ শেন ওয়ার্ন ৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ২০০৫
৩৯ সিডনি বার্নস ৬ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ১৯১২
৩৯ অ্যালেক বেডসার ৫ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ১৯৫৩
৩৯ ডেনিস লিলি ৬ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ১৯৮১
৩৮ মরিস টেট ৫ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ১৯২৪-২৫
৩৭ বিল হুইটি ৫ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ১৯১০-১১
৩৭ হিউ টেফিল্ড ৫ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ১৯৫৬-৫৭
৩৭ মিচেল জনসন ৫ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ২০১৩-১৪