কীর্তির আলোয় স্বীকৃতি
ছেলের কাঁধে একটু ভর দিয়ে মিলনায়তনে ঢুকলেন। পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময়ও হাত বাড়িয়ে দিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। কারও না-কারও হাত ধরেই এখন চলাফেরা করতে হয় জহিরুল হককে। পায়ে কী যেন একটা হয়েছে, ভর দিতে গেলেই ব্যথা পান। হাঁটাচলায় খুব সতর্ক না থেকে উপায় নেই।অথচ এই পায়ের জাদুতেই একসময় মাঠ মাতিয়েছেন জহিরুল হক। সে পাঁচ দশক আগের কথা। স্মৃতিটা ইদানীং কথা শুনছে না একদম। তাই সেই জাদুর কথা নাকি ভুলতে বসেছিলেন তিনি নিজেই। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে এবার আজীবন সম্মাননা পেয়ে সেই হারানো দিনগুলোর স্মৃতিই যেন ফিরে পেলেন অনেক দিন পর! আবেগাপ্লুত জহিরুল হকের কাছে অনেক অনেক হীরা-মুক্তার চেয়েও মূল্যবান সেসব! যে স্মৃতির ভেলায় ভেসে যেন পুরস্কারের মঞ্চ থেকেই চলে গেলেন কয়েক দশক পেছনে।মাধ্যমিক পরীক্ষার ছুটি কাটাতে ঢাকায় বাবার কাছে এসেছিলেন। বিকেলে তেজগাঁ হাইস্কুল মাঠে যেতেন খেলতে আর খেলা দেখতে। এক বিকেলে খেলোয়াড় কম থাকায় তাঁকে জোর করে মাঠে নামিয়ে দিল তখনকার প্রথম বিভাগের দল তেজগাঁ ফ্রেন্ডস ইউনিয়ন। তেজগাঁ হাইস্কুলের সেদিনের মাঠ থেকে পাকিস্তান জাতীয় দল! জহিরুল হকের এ গল্পটা যেন রূপকথা। পার্থক্য একটাই, সেদিন খেলেছিলেন লেফটব্যাক হিসেবে। আর যখন অবসর নেন, তখন তিনি দেশের ফুটবলের কিংবদন্তি রাইটব্যাক! এর মাঝে তখনকার পূর্ব পাকিস্তান দলকে জাতীয় চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন, লিগ শিরোপা এনে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। যে মোহামেডানে কাটিয়েছেন ক্যারিয়ারের টানা ১৭ বছর! এর মধ্যে কখনোই দলে রাইটব্যাক হিসেবে তাঁর জায়গাটা একটুও নড়বড়ে হয়নি।তাঁর সঙ্গে স্ত্রী ছাড়াও এসেছিলেন পুত্র, পুত্রবধূ, কন্যা আর নাতি। জহিরুল হকের তৃতীয় প্রজন্ম! দাদার এসব অসাধারণ কীর্তির কথা সে হয়তো মা-বাবার মুখে শুনেছে। কিন্তু পুরস্কারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একসময়ের গুণী এই ফুটবলারকে ঘিরে সবার উচ্ছ্বাস সেই কিশোরের এত দিনের শোনা রূপকথার মতো গল্পগুলোকে সত্যি করে দেবে একনিমেষে। শুধু নাতি কেন, জহিরুলের ছেলেমেয়েরাও তো দেখলেন তাঁদের বাবার কীর্তি কীভাবে মনে রেখেছে সবাই।আর জহিরুল হক? আপ্লুত তিনি। চোখ টলমল, কণ্ঠ বাষ্পরুদ্ধ! পুরো পরিবারের সামনে পাওয়া এ সম্মাননা তাঁর জন্য যে আসলেই বিশেষ কিছু, সেটা বোঝা গেল কথা শুনেই, ‘আমার পুরো পরিবার, দেশের ক্রীড়াঙ্গনের সব কীর্তিমানের সামনে আমাকে সম্মাননা দেওয়া হলো। এই পুরস্কারের মূল্য আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়েও বেশি।’