কুইন্স ব্যাটন আসছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগো শহরে হচ্ছে ২০তম কমনওয়েলথ গেমস। এই গেমসের আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শুভেচ্ছা বার্তা নিয়ে কুইন্স ব্যাটন কমনওয়েলথভুক্ত দেশগুলোতে পরিভ্রমণ করার রীতি অনেক দিনের। যেটিকে বলা হয়, কুইন্স ব্যাটন রিলে। এবারও ব্যতিক্রম নয়।
১৪ অক্টোবর সকালে কুইন্স ব্যাটন ভারত থেকে ঢাকায় আসবে। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে এটি গ্রহণ করবেন বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান। সেখান থেকে ব্যাটন আসবে আর্মি স্টেডিয়ামে। বিকেলে যাবে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে। এ উপলক্ষে ব্রিটিশ হাইকমিশন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। পরদিন ১৫ অক্টোবর কোরবানির ঈদের আগের দিন ব্যাটন নিয়ে ঠিক কী আয়োজন থাকছে, তা চূড়ান্ত করে জানাতে পারেননি বিওএর সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের ছুটির কারণে বিওএর ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাই গ্রামের বাড়ি যাচ্ছেন। ফলে ব্যাটন রিলের অনুষ্ঠানে দেখা যাবে না তাঁদের।
এই অবস্থায় গোটা আয়োজনকে সফল করতে কাল সভায় বসেছিল বিওএর এ সংক্রান্ত সাব কমিটি। সেখানেই সাভার জাতীয় স্মৃতিসৌধে ব্যাটন নেওয়ার প্রস্তাব এসেছে। এ ছাড়া কুইন্স ব্যাটন রিলের স্পনসর এমিরেটসের ঢাকার অফিস একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠান আয়োজন করতে পারে। ১৬ অক্টোবর ব্যাটন যাবে পাকিস্তান।