কুইন্সটাউন-কণিকা
বছরের প্রথম দিনে হওয়া নবম ওয়ানডে এটি। সর্বশেষটি ছিল নিউজিল্যান্ডেই, ২০০৩ সালে ক্রাইস্টচার্চে ভারতকে হারিয়েছিল তারা ৫ উইকেটে।
৩৬ বলে সেঞ্চুরি করে অ্যান্ডারসন পেছনে ফেলেছেন আফ্রিদিকে, ছুঁয়েছেন গ্রাহাম রোজকে। লিস্ট ‘এ’-তে ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড এত দিন এককভাবে ছিল সমারসেটের রোজের।
ওয়ানডের সেঞ্চুরি ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট অ্যান্ডারসনের ২৭৮.৭২। আগের সর্বোচ্চ দুটিই ছিল আফ্রিদির, ২৫৫.০০ (৪০ বলে ১০২) ও ২২১.৭৩ (৪৬ বলে ১০২)
চার নম্বরের পর ব্যাটিংয়ে নেমে ৫০ বলের কমে সেঞ্চুরি এটিই প্রথম।
রাইডারের ৪৬ বলে সেঞ্চুরি নিউজিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম, সব মিলিয়ে ষষ্ঠ।
এই প্রথম একই ওয়ানডেতে ৫০ বলের কমে সেঞ্চুরি করলেন দুজন। ২০ ওভারের আগে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিও প্রথম।
দলীয় ইনিংসে ২০ ছক্কা এই প্রথম দেখল ওয়ানডে ক্রিকেট (২২টি), ১৯ ছয়ের আগের রেকর্ড ছিল ভারত ও অস্ট্রেলিয়ার। গড়ে প্রতি ৫.৭ বলে একটি করে ছয় মেরেছে নিউজিল্যান্ড, রেকর্ড এটিও।
ওভারপ্রতি ২১.৩৩ রান দিয়েছেন রামপল, একাধিক ওভার বোলিং করা বোলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে খরুচে।
৬ ক্যারিবিয়ান বোলারই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছেন। ৫ বোলারের ওভারপ্রতি দশের বেশি রান দেওয়া এই প্রথম।
এক ওভারে ২৭ রান দিয়ে নিকিতা মিলার ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে খরুচে ওভারের রেকর্ড। ২৭ করে দিয়েছিলেন ইয়ান বিশপ ও ডোয়াইন স্মিথও।
অ্যান্ডারসন-রাইডারের ১৯১ রানের জুটি চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ
২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ২৭৫, ম্যাচটি টি-টোয়েন্টি হলে হয়ে যেত সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড। এখন যেটি শ্রীলঙ্কার, ২৬০/৬।