কুইরোজ খুশি, দুঙ্গা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যাত্রায় ভিন্ন ফল হতে পারে, কিন্তু একই ফলে ভিন্ন অনুভূতি! তাও হয়। এই যে ব্রাজিল-পর্তুগাল ম্যাচ ড্র করল, অথচ সম্পূর্ণ ভিন্ন অনুভূতি নিয়ে মাঠ ছাড়লেন দুই কোচ। পর্তুগালের ডিফেন্স ভাঙতে না পেরে অখুশি কার্লোস দুঙ্গা। আর পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঠেকিয়ে দিতে পেরেই খুশি কার্লোস কুইরোজ।এই ম্যাচ ড্র করে ব্রাজিলের কোনো ক্ষতি-বৃদ্ধি হয়নি। যেমন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ছিল, তেমনই আছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে তারা। তার পরও কোচ দুঙ্গা অসন্তুষ্ট পর্তুগালের সঙ্গে ম্যাচটা ড্র হওয়ায়। দুঙ্গা অবশ্য নিজের দলের খেলা নিয়ে খুব অতৃপ্ত নন। অখুশি তিনি, পর্তুগালের ‘রক্ষণাত্মক’ খেলায়, ‘আমরা সব সময়ই জিততে চাই। এই ফলাফলে আমরা অবশ্যই খুশি না। শেষ পর্যন্ত আমরা আক্রমণ চালিয়ে গেছি। পর্তুগাল তেমন আক্রমণই করেনি। ওরা স্রেফ ডিফেন্স করে গেছে। অবশ্য যেকোনো দল যখন ব্রাজিলের বিপক্ষে খেলে, তখন তারা একটু ভিন্ন কৌশল নেবে, এটাই স্বাভাবিক।’সেই ভিন্ন কৌশলটাকে খুব বাহবা দিতে পারছেন না দুঙ্গা। তবে পর্তুগালের ডিফেন্স ভাঙতে না পারায় একটু যেন হতাশ সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘খেলাটা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। পর্তুগাল মাঝমাঠ থেকেই ডিফেন্স শুরু করেছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেও সেটা ভেদ করতে পারিনি। তার পরও আমরা তিন-চারটে গোলের সুযোগ তৈরি করতে পেরেছিলাম। বিপক্ষ যখন তাদের সর্বোচ্চ চেষ্টা করে ডিফেন্স করে এবং সব খেলোয়াড়কে মাঝমাঠে নিয়ে আসে, তখন জায়গা খুব কমে যায়। পাসিং ফুটবল আর খেলা যায় না।’কোচের এই কথার সঙ্গে একমত ব্রাজিলের ডিফেন্ডার হুয়ান। তিনি অবশ্য জায়গা কমিয়ে এনে দারুণ ডিফেন্স করতে পারায় পর্তুগালের প্রশংসাই করছেন, ‘পর্তুগাল অসাধারণ দল। তারা উত্তর কোরিয়ার মতো জায়গা কমিয়ে আনার কৌশলই বেছে নিয়েছিল। পর্তুগাল খুব ভালো ডিফেন্স করেছে বলেই আমাদের সমস্যা হয়েছে।’দুঙ্গা-হুয়ানদের কথার সঙ্গে একটুও দ্বিমত নেই কুইরোজের। পর্তুগিজ কোচ তার ডিফেন্স নিয়ে গর্বই করছেন। এবং তাঁরা যে ব্রাজিলের মতো দলকে আটকে দিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে পেরেছেন, এতেই খুশি কুইরোজ, ‘ব্রাজিল শুরুর দিকে খুবই ভালো খেলেছে। কিন্তু ওদের প্রাথমিক আধিপত্যের পর আমরা আবার খেলায় ফিরে এসেছি। খেলোয়াড়েরা ভালো করেছে। এই ম্যাচে ড্রই ন্যায্য ফলাফল।’পর্তুগালের রক্ষণাত্মক কৌশল নিয়ে দুঙ্গা সমালোচনা করতে পারেন। কিন্তু ‘রক্ষণাত্মক খেলা’ নিয়েই গর্বিত কুইরোজ। গর্বিত তিনি রেকর্ডের কারণে। তবে কুইরোজই মনে করিয়ে দিচ্ছেন, রেকর্ড মাঠে সঙ্গে নামবে না, ‘গত ২৬ ম্যাচের ২২টিতে আমরা কোনো গোল খাইনি। এই সময়ে আমাদের প্রতিপক্ষরা মাত্র চারটি গোল করতে পেরেছে। তবে কেবল এই সুনাম আর পরিসংখ্যান দিয়েই আমরা শেষ ষোলো পার হতে পারব না। খেলোয়াড়দের এখন সত্যিকারের ভালো খেলা উপহার দিতে হবে।’সব দলের জন্যই বোধহয় কুইরোজের কথাটা সত্যি। এএফপি।