কুইরোজের ইরানের অন্য লক্ষ্য
লিওনেল মেসির আর্জেন্টিনা, আফ্রিকার চ্যাস্পিয়ন নাইজেরিয়া আর ‘ডার্কহর্স’ বসনিয়া। এই তিন দলকে গ্রুপসঙ্গী (এফ-গ্রুপ) পাওয়াটা ইরানের জন্য হতাশার। হতে পারে তারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ দল। তবে এমন একটা গ্রুপ থেকে ইরান পরের রাউন্ডে উঠতে পারলে সেটা যে সবার জন্যই বড় চমক হবে, তা মানতে দ্বিধা নেই স্বয়ং কোচ কার্লোস কুইরোজের। দলীয় শক্তি আর বড় আসরের অভিজ্ঞতায় বাকিদের চেয়ে নিজের দলকে কিছুটা পিছিয়েই রাখছেন পর্তুগিজ কোচ। কিন্তু এই ঘাটতি তিনি পুষিয়ে দিতে চান নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে।
কুইরোজের সে সামর্থ্য নিয়ে অবশ্য সন্দেহ থাকার কথা নয়। রিয়াল মাদ্রিদের এই সাবেক কোচ একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে কাজ করেছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে। গত বিশ্বকাপে নিজের দেশ পর্তুগালকে নিয়ে গিয়েছিলেন শেষ ষোল পর্যন্ত। ইরানকে সেই পর্যায়ে নিয়ে যাওয়াটা কঠিন জেনেই হয়তো বিশ্বকাপ থেকে লক্ষ্যটা বদলে নিয়েছেন কুইরোজ, ‘আর্জেন্টিনার মতো একটা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে হলে আপনাকে লাখ লাখ ডলার খরচ করতে হবে। কিন্তু আমার খেলোয়াড়রা সেটা নিজেদের ঘাম ঝরিয়ে অর্জন করেছে। আমাদের জন্য এটা বিশাল সুযোগ যে আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে পারব যেখানে মেসি নামে একজন খেলেন, যিনি আসলে মানুষ নন।’ হার-জিত যাই হোক নিজেদের খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করে ব্রাজিল থেকে ফিরতে চান ইরানের কোচ, ‘ইরানের কাছে আমার দায়বদ্ধতা হচ্ছে, তাদের আনন্দ দেওয়া। এটা আমাদের বিশ্বকাপ এবং আমরা বিশ্বকে দেখাতে চাই যে ইরান একটা ফুটবলপাগল দেশ।’এএফপি।