প্রভাত যে সব সময় দিনের পূর্বাভাস দেয় না, আরেকবার প্রমাণ করল ওভাল টেস্টের প্রথম দিন। দুই অধিনায়ক টস করতে নামবেন, আচমকাই আকাশ ভেঙে নামল বৃষ্টি। স্থায়ী হলো অল্পক্ষণ, খেলা শুরু হতে মাত্রই মিনিট ১৫ দেরি। সারাক্ষণ বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েও সারা দিন আর বৃষ্টিই হলো না।ওভালের গ্যালারিতে দর্শক নড়েচড়ে বসতে না বসতেই প্যাভিলিয়নমুখী ইংলিশ অধিনায়ক। গত অ্যাশেজের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও সিরিজের প্রথম ওভারে আউট অ্যান্ড্রু স্ট্রাউস। আরও উজ্জীবিত হয়ে দক্ষিণ আফ্রিকা চেপে ধরবে কি, উল্টো চাপা পড়ল কুক-ট্রটের ব্যাটে। অসাধারণ এক জুটিতে শুরুর ধাক্কাই শুধু সামলাননি, উল্টো প্রোটিয়াদের চাপে ফেলে দিয়েছেন এই দুজন। চা-বিরতির পর ৭১ রানে জোনাথন ট্রটের আউটে ভেঙেছে ১৭০ রানের দ্বিতীয় উইকেট জুটি। দিন শেষে ৩ উইকেটে ২৬৭ রান তুলেছে ইংল্যান্ড, কুক খেলছিলেন ১১৪ রান নিয়ে।বৃষ্টিস্নাত দিনেও অবিশ্বাস্য রকম শুষ্ক উইকেটে ব্যাটিং নিয়েছিলেন স্ট্রাউস। ডেল স্টেইনের বদলে প্রথম ওভার মরনে মরকেলকে দিয়ে সবাইকে চমকে দেন গ্রায়েম স্মিথ। প্রিয় শিকারকে তুলে নিতে সময়ও নেননি মরকেল, এ নিয়ে সপ্তমবার ফেরালেন স্ট্রাউসকে! প্রথম বলেই দারুণ এক অনড্রাইভে চার মেরে পালাবদলের ইঙ্গিতটা দিয়ে দিলেন ট্রট। একই ঘরানার দুই ব্যাটসম্যানের সতর্ক কিন্তু কার্যকর ব্যাটিং হতাশায় ডোবাল প্রোটিয়াদের। স্টেইন-মরকেল-ফিল্যান্ডারদের বোলিংও প্রত্যাশার ধারেকাছে ছিল না। গতিদানব স্টেইন তো ১৪০ কিমি ছুঁতেই হিমশিম খেলেন! স্টেইনকে হুক করেই কুক মারলেন ৮১ টেস্টের ক্যারিয়ারের ষষ্ঠ ছক্কাটি। মরকেলের বলে ট্রটের আলসে এই ড্রাইভে ভেঙেছে জুটি। তবে লাগাম তখনো ইংলিশদের হাতেই! ওয়েবসাইট।