প্রথম ইনিংসে ভারতের নয়টি উইকেটই পেয়েছেন মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ান। ভারতের তিন বিশেষজ্ঞ স্পিনার ওঝা-অশ্বিন-হরভজনের মুখে এই সাফল্য হাসিই ফুটিয়েছে। কিন্তু দিন শেষে হাসিটা মিলিয়ে গেছে। ওঝা তা-ও কম্পটন ও ট্রটের উইকেট দুটো নিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু কুক ও পিটারসেনের ১১০ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ভারতকে উল্টো চাপে ফেলে দিয়েছে। দিন শেষে ইংল্যান্ডের ২ উইকেটে ১৭৮ রান, কাল ভারতের প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে ১৪৯ রানে। আহমেদাবাদে আগের ইনিংসের ফর্মটা অ্যালিস্টার কুক টেনে এনেছেন মুম্বাইতেও। দিন শেষে অপরাজিত ৮৭ রানে। ভারতের জন্য ভয়ের ব্যাপার হলো ফর্ম ফিরে পেয়েছেন পিটারসেন, দ্বিতীয় দিনের শেষে অপরাজিত তিনি ৬২ রানে। পিটারসেনের ৬২ রান এসেছে ৮৫ বলে, কুক ৮৭ রান করতে খেলেছেন ২০৯টি বল। বিধ্বস্ত ভারতকে টেনে তোলা পূজারা-অশ্বিন জুটি কাল আর বেশিক্ষণ টিকতে পারেননি। আর ৮ রান যোগ করে পানেসারের পঞ্চম শিকার হন অশ্বিন (৬৮)। পূজারাও আর বেশি ধৈর্যের পরীক্ষা না দিতে পেরে এই সিরিজে প্রথমবারের মতো আউট, সোয়ানের অফস্পিনে স্টাম্পড হওয়ার আগে করেছেন ১৩৫ রান। হরভজন সিং (২১) ও জহির খানের (১১) দ্রুত কিছু রান সোয়া ৩০০ রানের ওপরে নিয়ে যায় ভারতকে। ওয়েবসাইট।