কুক-প্রায়রে ইংল্যান্ডের ড্রয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ৯০ ওভার খেলে ২২৯ রান। প্রস্তর যুগের ব্যাটিংয়ের স্মৃতিই কাল ফিরিয়ে আনলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে আহমেদাবাদ টেস্টের প্রথম তিন দিনের খবর যাঁরা রেখেছেন, তাঁরা নিশ্চয়ই ইংলিশ ব্যাটসম্যানদের পিট চাপড়ে দেবেন দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য। এই ঘুমপাড়ানি ব্যাটিং দিয়েই তো ফলোঅনে পড়েও ইংল্যান্ড জাগিয়ে তুলেছে ড্রয়ের স্বপ্ন। আর ভারতের কাঁটা হয়ে ইংল্যান্ডের এই হার এড়ানোর লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছেন ম্যাট প্রায়রকে। ষষ্ঠ উইকেটে এ দুজনের অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটি ইনিংস হারের শঙ্কা মুছে ইংল্যান্ডকে এনে দিয়েছে লিড। বিনা উইকেটে ১১১ রান নিয়ে শুরু করে ইংল্যান্ড দিন শেষ করেছে ৫ উইকেটে ৩৪০ রানে। প্রথম ইনিংসের ৩৩০ রানের বোঝা নামিয়ে ইংল্যান্ড ১০ রানে এগিয়ে গেছে। হাতে রয়েছে আরও ৫ উইকেট। ভারতের জয়ের স্বপ্নে দেয়াল হয়ে এখনো উইকেটে আছেন কুক-প্রায়র। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অধিনায়কত্বের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি করার কীর্তি গড়ে কুক দিন শেষে অপরাজিত ১৬৮ রানে। প্রায়র ব্যাট করছেন ৮৪ রানে।অথচ কাল মধ্যাহ্নবিরতির পরও ইংলিশদের চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়ের শঙ্কা। আগের দিন উইকেট না পড়ায় কাল ইংল্যান্ড শুরুটা করেছিল নতুনভাবে। কিন্তু লাঞ্চের আগেই হারিয়ে ফেলে ৩ উইকেট। দিনের প্রায় শুরুতেই অভিষিক্ত নিক কম্পটনকে এলবিডব্লু করে ভারতকে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন জহির খান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রজ্ঞান ওঝার জোড়া আঘাত এর পর। ৪ রানের ব্যবধানে ফিরিয়ে দেন জোনাথন ট্রট ও কেভিন পিটারসেনকে। মধ্যাহ্নবিরতির পর আবার উমেশ যাদবের জোড়া আঘাত। পর পর দুই বলে ইয়ান বেল ও সামিত প্যাটেলকে এলবিডব্লু করে হ্যাটট্রিকেরই সামনে দাঁড়িয়েছিলেন। ইংল্যান্ড তখন ৫ উইকেটে ১৯৯। ইনিংস পরাজয় থেকে তখনো ১৩১ রান দূরে। এ অবস্থায় দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা প্রায়র নিজেও কি ভাবতে পেরেছিলেন দিনের বাকি সময়টা অধিনায়কের সঙ্গে কাটিয়ে দেবেন!কুক নিজের জাতটা আরেকবার চেনালেন নিজের ২১তম সেঞ্চুরি তুলে নিয়ে, যেটি দিন শেষে ‘ডাবল’ থেকে মাত্র ৩২ রান দূরে। আগের দিনই ৭৪ করে ফেলা কুক কাল সারা দিনে করেছেন ৯৪ রান।কুক-প্রায়র দুঃস্বপ্নের আগেই একটা শোকসংবাদ উড়ে এসেছে ভারত শিবিরে। পরশু রাতে মারা গেছেন গৌতম গম্ভীরের নানি, আশা গুলাতি। দল ছেড়ে গম্ভীরও চলে গেছেন দিল্লিতে। আজ সকালেই অবশ্য তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ওয়েবসাইট।