কুক-ফ্লাওয়ারকেই চায় ইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুক স্বস্তি পাবেন। অ্যান্ডি ফ্লাওয়ারের জন্যও সুখবর। লজ্জাজনক অ্যাশেজ হারের পরও দুজনের কারও ওপরই খড়্গ নামছে না বলে আস্বস্ত করেছেন ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার।
টানা চার অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছে এবার ইংল্যান্ড। হয়েছে উল্টো। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে অস্ট্রেলিয়া পুনরুদ্ধার করেছে ভস্মাধার। ব্যর্থতার দায় নিয়ে সরে যাবেন কি না এমন প্রশ্নও এরই মধ্যে শুনতে হয়েছে কুককে। ইংল্যান্ড অধিনায়ক বলে দিয়েছেন, নির্বাচকেরা যোগ্য মনে না করলে সরে যাবেন তিনি, তবে নিজে থেকে দায়িত্ব ছাড়ার ইচ্ছে তাঁর নেই। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাল কুককে সমর্থন জানিয়েছেন কোলিয়ারও, ‘মানুষ কাজের মাধ্যমেই অভিজ্ঞ হয়, অধিনায়কেরা পরিণত হন, খেলোয়াড়েরা পরিণত হন। চূড়ায় পৌঁছাতে সবারই কিছুটা সময় লাগে। আমরা তখনো মনে করেছি সে-ই সঠিক ব্যক্তি, এখনো সেটাই মনে করি।’
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ডকে আর নতুন কিছু দেওয়ার নেই কোচ ফ্লাওয়ারের। এখানেও উল্টোটা ভাবছেন কোলিয়ার, ‘ওর অভিজ্ঞতা আমাদের দরকার। আপনি যখন ক্রান্তিকাল পেরোবেন, তখন ওর মতো গুণাবলির একজনকেই বেশি করে দরকার।’ ওয়েবসাইট।