কুক-মুরস জুটিতে ভনের আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে আশায় পিটার মুরসকে দায়িত্ব দিয়েছে ইসিবি, সেই আশার পালে জোর হাওয়া দিলেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের ধারণা, বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে মুরসের জুটিটা জমবে ভালো। কারণ, দুজন পুরো বিপরীত চরিত্রের!
একই চরিত্রের দুই ব্যক্তি ভালো বন্ধু হতে পারেন। তবে সেই দুজনের একজন যদি হন কোচ, আরেকজন অধিনায়ক, দলের জন্য তা কার্যকর হয় না প্রায়ই। প্রথম দফা দায়িত্বে মুরসের সঙ্গে ভনের জুটিটা যে কারণে জমেনি, এবারও অ্যাশলি জাইলসের দায়িত্ব না পাওয়ার এটাও একটা বড় কারণ। কুকের মতো জাইলসও একদম ধীরস্থির, চুপচাপ।
২০০৭ সালের এপ্রিলে মুরস যখন প্রথমবার ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন, অধিনায়ক তখন ভন। পরের বছর ভন অবসর নেওয়ার আগ পর্যন্ত একসঙ্গে কাজ করেছেন দুজন। সেই অভিজ্ঞতা থেকেই ভনের ধারণা, সফল হবে কুক-মুরস জুটি, ‘তার (মুরস) কোচিংয়ের ধরনটা আমার অধিনায়কত্বের সঙ্গে ঠিক মানানসই ছিল না। আমি সব সময় সামনে থাকতে পছন্দ করতাম, সবাইকে উদ্বুদ্ধ করতে পছন্দ করতাম। মুরসও ছিল একই ধরনের, এক দিক থেকে তাই দুজনের চরিত্রের সংঘাত হতো। কিন্তু কুক ড্রেসিংরুমে খুব একটা কথা বলতে পছন্দ করে না, মুরস পছন্দ করে। দুজনের জুটি তাই ভালো জমতে পারে।’
মুরসের আগেরবারের দায়িত্ব শেষ হয়েছিল সেই সময়ের অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে তিক্ততায়। ভনের দাবি, শুধু তিনি বা পিটারসেন নন, সিনিয়রদের কারও সঙ্গেই খুব একটা জমেনি মুরসের। এখনকার ইংল্যান্ড দলটি তরুণ বলেই ভনের বিশ্বাস, এবার সফল হবেন মুরস, ‘সে দায়িত্ব নিয়েই মোটামুটি ভালো একটি দলকে ঢেলে সাজাতে চেষ্টা করছিল। কিন্তু পিটারসেন, আমি, কলিংউড ও স্ট্রাউসের মতো সিনিয়রদের সঙ্গে মুরসের কাজের ধরনটা ঠিক মেলেনি। কিন্তু এখন যখন দলে অনেক তরুণ ও নতুন ক্রিকেটার, কুকের মতো একজন অধিনায়ক যে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে, এই দলের জন্য মুরসের কোচিংয়ের ধরন হতে পারে সবচেয়ে কার্যকর।’ ওয়েবসাইট।